২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে নাহিদ, সুখবর আছে তানজিদেরও

আইসিসি র‍্যাঙ্কিং
নাহিদ রানা ও  তানজিদ হাসান তামিম, ফাইল ফটো
নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। বল হাতে গতি ও আগ্রাসন দিয়ে অজিদের গুড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন এই পেসার। অজিদের বিপক্ষে অর্ধশতক করে হালনাগাতকৃত র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিমও। অন্যদিকে সবশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দিয়েছেন নাহিদ। একে একে তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট ও জাভিয়ের বার্টলেটের উইকেট। ৪১ রানে চার উইকেট তুলে নিয়ে ঘরের মাঠে অজিদের প্রথমবার ওয়ানডে হারানোতে বড় অবদান রাখেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন এই পেসার। এটিই ওয়ানডেতে নাহিদের ক্যারিয়ারসেরা অবস্থান।

অন্যদিকে ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তামিম। এতে করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন এই ওপেনার। সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তিনি এখন ৩৩তম স্থানে রয়েছেন।

এদিকে পরিবর্তন এসেছে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থানে। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথম ইনিংসে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সতীর্থ জো রুটকে পেছনে ফেলে আবারও এক নম্বর টেস্ট ব্যাটারের আসনে ফিরেছেন ব্রুক। লর্ডস টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১ ও ৮ রান করা জো রুট এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের শুভমান গিলের। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে তিনি দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। এছাড়া ইংল্যান্ডের বেন ডাকেট তিন ধাপ এগিয়ে ১৫তম, জেমি স্মিথ পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৫ ধাপ এগিয়ে ৪০তম স্থানে পৌঁছেছেন।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের। সাত ধাপ এগিয়ে তিনি এখন দশম স্থানে রয়েছেন। একই সঙ্গে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন তিনি। দীর্ঘ বিরতির পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও ইংল্যান্ডের অলি রবিনসন। তারা যথাক্রমে ২২তম ও ২৩তম স্থানে অবস্থান করছেন। এছাড়া নিউজিল্যান্ডের নাথান স্মিথ ১৬ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে উঠে এসেছেন।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় সুখবর পেয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৬ উইকেট নেওয়ার সুবাদে তিনি দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ শাহীন শাহ আফ্রিদিও তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছেছেন।

অস্ট্রেলিয়ার নাথান এলিস ১৩ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন। একই সিরিজে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি। ওয়ানডে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও জেনিথ লিয়ানাগের। মেন্ডিস চার ধাপ এগিয়ে যৌথভাবে ১২তম এবং লিয়ানাগে ছয় ধাপ এগিয়ে ২২তম স্থানে পৌঁছেছেন।

আরো পড়ুন: