২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এই সিরিজ। কিন্তু গুরুত্বপূর্ণ দুই তারকা ক্রিকেটারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়েছে দলটি। আইপিএল ২০২৬-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন হার্দিক। সেই কারণে তিনি টুর্নামেন্টে মাত্র ১০টি ম্যাচ খেলতে পেরেছিলেন এবং লিগ পর্বের শেষ কয়েকটি ম্যাচে দলের বাইরে ছিলেন।
পরে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ফিটনেস পরীক্ষা দিতে যান তিনি। জানা গেছে, সেখানে অনুশীলনের সময় পূর্ণ ১০ ওভার বোলিং করার পর নতুন করে উরুতে চোট অনুভব করেন এই অলরাউন্ডার।
বিসিসিআইয়ের এক সূত্র জানায়, 'চোট থেকে সেরে উঠতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। ফলে আফগানিস্তান সিরিজে তার খেলার কোনো সুযোগ নেই, কারণ এর মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে না।'
হার্দিকের চোট ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। এর আগে আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান বিরাট কোহলি। সেই কারণে তাকেও আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে। এ ছাড়া সাবেক অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আইপিএলের সময় থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন।
কোহলির পরিবর্তে ইতোমধ্যে ইয়াশভি জয়সাওয়ালকে দলে নেওয়া হয়েছে। তবে হার্দিকের বদলি হিসেবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি তার চোট নিয়েও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
আগামী শনিবার ধর্মশালায় শুরু হবে ভারত-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন লক্ষ্মৌ এবং ২০ জুন চেন্নাইয়ে।