বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস জুয়াইরিয়া: জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
জুয়াইরিয়া ফেরদৌস, ফাইল ফটো
জুয়াইরিয়া ফেরদৌস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস বাংলাদেশের জন্য বড় চমক হয়ে উঠতে পারেন বলে বিশ্বাস করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, সম্প্রতি ব্যাট হাতে যে আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতার পরিচয় দিয়েছেন জুয়াইরিয়া, তা বিশ্বকাপে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ২০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ইতোমধ্যেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের স্তম্ভ হয়ে উঠেছেন। ইংল্যান্ডের লাফবরোতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ বলে ২৬ রান করেন জুয়াইরিয়া। এরপর একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে জুয়ারিয়ার এই পারফরম্যান্সকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন জ্যোতি। আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ রানের পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, 'সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ সে দারুণ ছন্দে আছে। সে তরুণ এবং পাওয়ার প্লে'তে যেমন বাউন্ডারি মারতে পারে, তেমনি পাওয়ার প্লে'র পরেও রান তোলার সামর্থ্য রাখে।'

জ্যোতি আরও বলেন, 'আমরা আশা করছি, সে বিশ্বকাপেও আমাদের জন্য ঠিক একইভাবে খেলবে, যেমনটা প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেছে।'

যদিও বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে, তবু এই ম্যাচগুলো থেকে দল অনেক ইতিবাচক বিষয় শিখেছে বলে মনে করেন জ্যোতি। তিনি বলেন, 'আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এবং সেখান থেকে অনেক কিছু শিখেছি। প্রথম ম্যাচের আগে এই ইতিবাচক বিষয়গুলো সঙ্গে নিয়ে এগোতে চাই। নিজেদের প্রস্তুতির জন্য এখনো কিছুটা সময় আছে।'

বাংলাদেশ অধিনায়কের মতে, দল নিজেদের ভুলগুলো নিয়ে আলোচনা করবে এবং অনুশীলনে সেসব নিয়ে কাজ করবে। পাশাপাশি ইতিবাচক দিকগুলো ধরে রেখে বিশ্বকাপের মূল পর্বে ভালো শুরু করার লক্ষ্য নিয়েই এগোবে টাইগ্রেসরা।

জুয়ারিয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচে স্পিনার সানজিদা আক্তার মেঘলার পারফরম্যান্সেরও প্রশংসা করেন জ্যোতি। তার বিশ্বাস, বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগে দল আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত করে নিতে পারবে।

আরো পড়ুন: