নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ঘরোয়া লাল বলের প্রতিযোগিতায় নর্দার্ন স্ট্রাইকার্সের হয়ে ছিলেন স্টার্লিং। তবে সেই ম্যাচে অল্প সময় মাঠে নামলেও ব্যাট করার মতো ফিট ছিলেন না তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয় তার নতুন চোটের খবর।
আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান জানিয়েছেন, 'পলের স্ক্যান করা হয়েছে। তার দ্বিতীয় স্তরের পেশির টান ধরা পড়েছে। এখন তার মাঠে ফেরার সময় নির্ধারণ করা হবে।'
মালান আরও বলেন, 'বিশ্বকাপের সময়ই সে চোটে পড়েছিল। এরপর মাঠে ফেরার পরিকল্পনা অনুযায়ী এগোলেও হাঁটুর পুরোনো সমস্যার কারণে পুরোপুরি স্বস্তিতে ছিল না। আশা করছি এবার কাফের চোটটা ঠিকভাবে সামলানো যাবে।'
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পান স্টার্লিং। এরপর আর পেশাদার ক্রিকেটে দেখা যায়নি তাকে। সেই আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বও ছেড়ে দেন তিনি। তবে এক দিনের ক্রিকেটে নেতৃত্বে থাকছেন এই ডানহাতি ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম টেস্ট লড়াইয়ে স্টার্লিংয়ের না থাকা বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘ সংস্করণে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫২১ রান করেছেন তিনি, যা আয়ারল্যান্ডের হয়ে চতুর্থ সর্বোচ্চ। অভিজ্ঞতার জায়গাতেও তার অভাব অনুভব করবে দল। নিউজিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবির্নি।