রাজস্থানের বিপক্ষে ম্যাচে মুম্বাইয়ের সমর্থন করবেন আইয়ার

আইপিএল
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে অবশেষে পাঞ্জাব কিংসকে জিতিয়েছেন শ্রেয়াস আইয়ার। ছয় ম্যাচ পর জয় পাওয়া পাঞ্জাব অবশ্যই এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। পাঞ্জাবের প্লে-অফ নিশ্চিত করতে হলে রাজস্থান রয়্যালসকে হারাতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। তাই এই ম্যাচে মুম্বাইকে সমর্থন করার কথা জানান পাঞ্জাব অধিনায়ক।

প্রথম সাত ম্যাচে একটি ম্যাচও না হারা পাঞ্জাব টানা ছয় ম্যাচ হেরে যায়। যদিও লিগ পর্বের শেষ ম্যাচে জয়ে ফিরে পাঞ্জাব। লক্ষ্ণৌকে হারিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে তারা। তবে ভাগ্য এখন আর পুরোপুরি নিজেদের হাতে নেই। রবিবারের দুটি ম্যাচের ফলের ওপর নির্ভর করছে পাঞ্জাবের ভবিষ্যৎ।

এ নিয়ে আইয়ার বলেন, 'সত্যি বলতে আমি খুবই আনন্দিত। এই মৌসুমে প্রথম শতরান করলাম। দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই শতরানটা এসেছে। রবিবার আমরা মুম্বাইকে সমর্থন করব।'

এদিকে শুধু মুম্বাইয়ের জয়ই যথেষ্ট নয় পাঞ্জাবের জন্য। দিনের দ্বিতীয় ম্যাচেও হিসাব জড়িয়ে আছে। কলকাতা নাইট রাইডার্সকে হারাতে হবে দিল্লি ক্যাপিটালসকে। আর কলকাতা জিতলেও ব্যবধান হতে হবে সীমিত, যাতে নেট রান রেটে এগিয়ে যেতে না পারে তারা।

যদিও এখন পাঞ্জাবের জার্সিতে খেলছেন আইয়ার, তবে মুম্বাইয়ের সঙ্গে তার সম্পর্ক পুরোনো। ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বাইয়ের ক্রিকেটার, আর বর্তমান মুম্বাই দলে রয়েছেন তার একাধিক সতীর্থও।

লক্ষ্ণৌর বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছেন আইয়ার। আগে ব্যাট করে লক্ষ্ণৌ তোলে ছয় উইকেটে ১৯৬ রান। জবাবে ১৮ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাঞ্জাব।

আরো পড়ুন: