ঐতিহাসিক টেস্টের জন্য দল ঘোষণা করল আয়ারল্যান্ড

নিউজিল্যান্ডের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর
আয়ারল্যান্ড ক্রিকেট দল, ফাইল ফটো
আয়ারল্যান্ড ক্রিকেট দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। ঐতিহাসিক সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ২৭ মে বেলফাস্টের স্টরমন্টে শুরু হবে ঐতিহাসিক এই টেস্ট। দলকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবির্নি।

এটি হবে আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের মাত্র ১৩তম টেস্ট ম্যাচ। এই ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হবে আয়ারল্যান্ডকে। চোটের কারণে দলে নেই পল স্টার্লিং, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল, পি গ্যাভিন হোই এবং জর্ডান নিল। স্টার্লিং ও ম্যাকার্থি দুজনই লম্বা সময় ধরে চোটে ভুগছেন। এ ছাড়া চোটের কারণে দলে থাকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার এই ম্যাচে সুযোগ পেলেও বোলিং করতে পারবেন না।

চলতি বছরের বিশ্বকাপ বাছাইপর্বে চোট পাওয়া স্টার্লিং গুরুতর কাফ ইনজুরিতে ভুগছেন। তাকে পুরোপুরি বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে রাখা হয়েছে। অন্যদিকে পেমব্রোক ক্লাবের হয়ে আইরিশ সিনিয়র কাপে খেলতে গিয়ে এসিএল ইনজুরিতে পড়েন পেসার ম্যাকার্থি। ফলে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন তিনি।

১৪ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এখনও অভিষেক না হওয়া দুই তরুণ রুবেন উইলসন ও জ্যাক এগানকে। বোলার রুবেন উইলসন আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। আর জ্যাক এগান এমেরাল্ড চ্যালেঞ্জে স্ট্রাইকার্সের প্রথম ইনিংসে করেছিলেন ১২০ রান। উইলসন ও এগান ছাড়াও টম মায়েস এবং লিয়াম ম্যাকার্থিও টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলা সবকটি ১২ টেস্টেই ছিলেন অধিনায়ক বালবির্নি। এবছরই ভারতের এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের। সব ম্যাচই হবে নর্দার্ন আয়ারল্যান্ডে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ প্রসঙ্গে বালবির্নি বলেন, 'ওদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে, খেলার কিংবদন্তিরাও আছে। আমরা চাই ছেলেরা মাঠে নেমে মুহূর্তটা উপভোগ করুক, নিজেদের মেলে ধরুক এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিক। কারণ পুরো ম্যাচজুড়েই আমাদের চাপে থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা আশা করছি, ছেলেরা ইতিবাচক মানসিকতা নিয়ে সেই চাপ সামলাবে। প্রতিদিন তো আর নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ আসে না। ভবিষ্যতে আবারও এমন সুযোগ আসবে বলে আশা করি। বিশেষ করে নতুন যারা দলে এসেছে, তারা কীভাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করে, সেটা দেখতে মুখিয়ে আছি।'

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, জ্যাক এগান, ম্যাথিউ হামফ্রিজ, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, লিয়াম ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, রুবেন উইলসন এবং ক্রেইগ ইয়ং।

আরো পড়ুন: