২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে পুরুষ ও মেয়েদের ছয়টি করে দল অংশ নেবে। লস অ্যাঞ্জেলেস থেকে ৩০ কিলোমিটার দূরে পামোনায় বানানো হচ্ছে নতুন স্টেডিয়াম। ভারত, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সঙ্গে টুর্নামেন্ট খেলার সবুজ সংকেত পেয়েছে গ্রেট ব্রিটেন। আমেরিকা অঞ্চল থেকে আয়োজক হিসেবে সুযোগ পেতে পারে যুক্তরাষ্ট্র।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বাকি অঙ্গরাজ্যগুলো যুক্ত হয়েছে গ্রেট ব্রিটেন ক্রিকেটে। ইংল্যান্ডের ক্রিকেটারদের পাশাপাশি আয়ারল্যান্ডের হয়ে খেলা ক্রিকেটাররাও থাকবেন স্কোয়াডে। তবে কীভাবে ক্রিকেটার নির্বাচন করা হবে সেটা এখনো অস্পষ্ট। ধারণা করা হচ্ছে, গ্রেট ব্রিটেনের দলে সবচেয়ে বেশি থাকতে পারেন ইংলিশ ক্রিকেটাররা।
১৪ থেকে ৩০ জুলাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক হবে। ওই সময় ঘরের মাঠে ব্যস্ত সময় পার করবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা। দ্বিতীয় টেস্টের সময় অলিম্পিক অনুষ্ঠিত হবে। জুনে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট খেলার আগে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবেন ইংলিশরা। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের সেরা ক্রিকেটারদেরই পাঠানো হবে গ্রেট ব্রিটেনের জার্সিতে।
এমনটা হলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করতে পারেন ব্রুক। ওই সময় ইংল্যান্ডের টেস্ট অধিনায়কও হতে পারেন তিনি। এ ছাড়া বেথেল ও জফরা আর্চারের মতো ক্রিকেটাররাও স্কোয়াডে থাকতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য টেস্ট মিস করা অবশ্য নতুন কিছু নয়। গত বছর আইপিএলের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেননি বেথেল। একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি আর্চারকে।