টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসদের হারিয়ে চাপে নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন অবশ্য রীতিমতো উড়ছিল ভারত। ম্যাচ নিয়ন্ত্রণে থাকলেও বোলিংয়ের সময় মেজাজ হারান আর্শদীপ। ইনিংসের ১১তম ওভারের ঘটনা।
সেই ওভারের শুরুতে বাঁহাতি পেসারকে টানা দুইটি ছক্কা মারেন মিচেল। পঞ্চম ডেলিভারিতে অবশ্য সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ড ব্যাটার। ডট আদায় করেই মেজাজ হারিয়ে ফলো থ্রু থেকে বল নিয়ে ব্যাটারের দিকে ছুঁড়ে মারেন আর্শদীপ। যা গিয়ে মিচেলের প্যাডে গিয়ে লাগে।
তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান মিচেল। যদিও অনফিল্ড আম্পায়ার ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এসে মিচেলের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। ডানহাতি ব্যাটারকে সরি বলার পাশাপাশি তার সঙ্গে হাতও মেলান আর্শদীপ। তবুও জরিমানা থেকে রক্ষা হয়নি তার।
আইসিসি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করায় ভারতের পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। গত ২৪ মাসে অবশ্য এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন আর্শদীপ। যার ফলে নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই। এ ছাড়া অ্যান্ডি পাইক্রফ্টের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।