বিশ্বকাপ জিতে ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছেন বুমরাহ-হার্দিকরা

ভারতীয় ক্রিকেট
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডকে কাঁদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টানা দুই বিশ্বকাপ জিতে রেকর্ডও গড়েছেন সূর্যকুমার যাদব-জসপ্রিত বুমরাহরা। নিজেদের ইতিহাসে তৃতীয় টি-টোয়েন্টি জেতায় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। সূর্যকুমারদের জন্য ১৩১ কোটি রুপি বোনাস ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আয়োজক দেশ হিসেবে শিরোপা জেতার রেকর্ড নেই কারও। টানা দুই বিশ্বকাপও জিততে পারেনি কেউই। অতীত এসব পরিসংখ্যান দেখে হয়ত ভারতীয় সমর্থকরা কিছুটা ভয়েই ছিল। তবে মাঠের ক্রিকেটে সেটার ছাপ পড়েনি একটুও। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালের টিকেটের দাম ছিল আকাশছোঁয়া। হোটেল ভাড়াও অনেকের সাধ্যের বাইরে।

তবুও নিজের দেশ, দলকে সমর্থন দিতে উপচে পড়েন ভারতীয় সমর্থকরা। লাখো সমর্থকের উপস্থিতিতে চার-ছক্কার বৃষ্টিতে নিউজিল্যান্ডের বোলারদের তুলোধুনো করেছেন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান, শিভাম দুবেরা। পরবর্তীতে বুমরাহ, অক্ষর প্যাটেলরা মিলে ভারতের সহজ জয় নিশ্চিত করেন। অতীত পরিসংখ্যান কিংবা ভয় কাটিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে ভারত।

চ্যাম্পিয়ন হিসেবে ৩০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশ মুদ্রায় প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা) পেয়েছেন বুমরাহ-সূর্যকুমাররা। আইসিসির পারিশ্রমিকের পাশাপাশি বিসিসিআই থেকেও বোনাস পাচ্ছেন তারা। ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য ঘোষিত ১৩১ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৭৩ কোটি টাকা বোনাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেবজিৎ সাইকিয়া।

বিসিসিআইয়ের সেক্রেটারি সাইকিয়া বলেন, ‘আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ দুর্দান্ত সাফল্যের জন্য টিম ইন্ডিয়াকে বিসিসিআই ১৩১ কোটি রুপির নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত মর্যাদাপূর্ণ ট্রফিটি জয় করেছে এবং শিরোপা রক্ষা করে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবার আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।’

‘এই জয়ের মাধ্যমে ভারত আবারও প্রথম দল হিসেবে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছে, যা এই ফরম্যাটের ইতিহাসে তাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে। বোর্ড খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের এই ঐতিহাসিক অর্জনের জন্য আবারও অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও তাদের সাফল্য কামনা করে।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও ভারতের ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের জন্য বড় অঙ্কের বোনাস দিয়েছিল বিসিসিআই। দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেবার ১২৫ কোটি রুপি বোনাস পেয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপ জেতা স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কৌরদেরও বোনাস দেয় বিসিসিআই।

আরো পড়ুন: