৬ জুন থেকে বেলজিয়ামের ব্রাসেলস শহরে মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম আসর। ৬ দলের ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের ফাইনাল হবে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ, ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। আগামী ২৪ মার্চ ব্রাসেলসে হবে টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট। যদিও ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলার পর থেকেই অবসর সময় পার করছেন তারকা অলরাউন্ডার। জাতীয় দলে ফিরতে ফিটনেস নিয়েও কাজ করছেন তিনি। এরই মধ্যে জুনে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সাকিবের আগে অবশ্য দল পেয়েছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজ তারকা খেলবেন অ্যান্টওয়ার্পের জার্সিতে।
বেলজিয়ামের ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বিশ্বের তারকা সব ক্রিকেটাররা। আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি-রাইলি রুশো, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, পাকিস্তানের মোহাম্মদ আমির-সাইম আইয়ুবরা।
এ ছাড়া ড্রাফটের জন্য নাম দিয়েছেন লেন্ডল সিমন্স, পিটার সিডল, শেলডন কটরেল, ওয়েন পারনেল, ইশ সোধি, ফিন অ্যালেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হারিস, বেন কাটিং, জেমস ভিন্স, রোহিত পৌড়েল, নিখিল চৌধুরি, ডোয়াইন প্রিটোরিয়াস, রিজা হেনড্রিক্স এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। টুর্নামেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন ইয়ন মরগান।