ফাইনাল শুরুর আগে এক বিশেষ মুহূর্তে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি ও রোহিত। দু’জনই পুরো ম্যাচ মাঠে বসে দেখেন এবং শেষ পর্যন্ত দলের জয়ের আনন্দ উপভোগ করেন। ম্যাচ শেষে রোহিত মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে উদ্যাপনেও অংশ নেন।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ট্রফি জয়ের একটি ছবি শেয়ার করেন ধোনি। তিনি লিখেছেন, 'আহমেদাবাদে ইতিহাস তৈরি হল। ভারতীয় দল, সাপোর্ট স্টাফ ও বিশ্বজুড়ে ভারতীয় সমর্থকদের শুভেচ্ছা। খেলা দেখে খুব ভালো লাগল।'
একই পোস্টে ভারতের কোচ গৌতম গম্ভীরের কথাও আলাদা করে উল্লেখ করেন ধোনি। তিনি লেখেন, 'কোচসাহেব, হাসলে তোমাকে দারুণ লাগে। হাসি ও আবেগ একসঙ্গে থাকলে আটকানো কঠিন। খুব ভাল খেলেছো তোমরা।'
পাশাপাশি পেসার জসপ্রীত বুমরাহর পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন ধোনি, 'বুমরাহের বিষয়ে কিছু না লেখাই ভালো। চ্যাম্পিয়ন বোলার।'
ধোনি ও গম্ভীর দীর্ঘদিন ভারতীয় দলে একসঙ্গে খেলেছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ- দুটি শিরোপাই জিতেছিল ভারত ধোনির নেতৃত্বে, যেখানে গুরুত্বপূর্ণ অবদান ছিল গম্ভীরের। পরে বিভিন্ন সময় ধোনিকে নিয়ে সমালোচনা করলেও ধোনি প্রকাশ্যে সে বিষয়ে মন্তব্য করেননি। বিশ্বকাপ জয়ের পরও তিনি গম্ভীরের প্রশংসাই করেছেন।
ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেন, 'গোটা দল দুর্দান্ত ক্রিকেট খেলেছে। সকলকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শুভেচ্ছা।'
ম্যাচে উপস্থিত না থাকলেও নজর ছিল কোহলির। ভারতের জয় নিশ্চিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই এক্সে পোস্ট করেন তিনি। সেখানে কোহলি লেখেন, 'চ্যাম্পিয়ন্স। আহমেদাবাদে দুর্দান্ত একটা জয়। গোটা প্রতিযোগিতায় আমরা যে বিধ্বংসী ক্রিকেট খেলেছি তার তুলনা হবে না। সকলে দারুণ সাহসের পরিচয় দিয়েছে। কঠিন পরিস্থিতিতে লড়েছে। আবার চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে শুভেচ্ছা। জয় হিন্দ।'