পিএসএলে দল না পেয়ে কাঁদলেন শেহজাদ

পিএসএল
আহমেদ শেহজাদ
আহমেদ শেহজাদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান ক্রিকেটের এক সময়ের ‘পোস্টার বয়’ আহমেদ শেহজাদ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পারফরম্যান্স, আন্তর্জাতিক ক্রিকেটে নজরকাড়া বিভিন্ন ইনিংস আর আগ্রাসী ব্যাটিংয়ের কারণে তাকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে সেই প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি শেহজাদ।

যেভাবে তারকা খ্যাতি পেয়েছিলেন, হারিয়েছেনও দ্রুত। তবে এখনও পাকিস্তানের স্টাইলিশ কয়েকজন ব্যাটারের নাম বলতে গেলে অনায়াসে শেহজাদের নাম চলে আসবে। এমন একজন ক্রিকেটারই পিএসএলের দুই আসরে দল পাননি। সম্প্রতি পাকিস্তানের একটি টিভি শোতে হাজির হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহজাদ।

তিনি আক্ষেপের সুরে বলেন তার এক সময়ের সতীর্থদের খেলতে দেখে মোটেই আক্ষেপ হয় না তার। তবে নিজের জন্য খারাপ লাগে। নিজের এমন পরিণতির জন্য ভাগ্যকেই দুষছেন শেহজাদ। সেই সঙ্গে কী করলে ভাগ্য অন্যরকম হতে পারত সেসবও ভাবায় এক সময়ের এই তারকা ব্যাটারকে।

তিনি বলেন, 'আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার খুব কষ্ট হয়। আমি খেলতে চাই। আমার সাথের সবাই খেলছে... তাদের খেলতে দেখে আমি খুশি হই। আমি এমনই একটা ছেলে যে অন্যের ভালো হলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু নিজের জন্য খারাপ লাগে যে, কী এমন কারণ হয়ে গেল? কেন এমন হলো? যদি এমন না হতো... তাহলে কী কী হতে পারতো..'

বিশেষ করে নিজের ছেলের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। তার ছেলে এখনও তাকে খেলতে দেখতে চায়। সে কারণেই পিএসএলে নাম দিয়েছিলেন শেহজাদ। তবে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তিনি মনে করেন কেউ সুযোগ দিলে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারতেন তিনি।

শেহজাদের ভাষ্য, 'আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যেটা তা হলো... আমার ছেলে, ওর বয়স নয় বছর এবং ও চেয়েছিল আমি খেলি। ও আমার সাথেই ঘুমায়। এখন সে বড় হচ্ছে। সে আমাকে বলে, "আমার মনে আছে তুমি খেলতে। কিন্তু এখন আমি তোমাকে ভালোভাবে মনে রাখতে চাই।" তো এই একটা জিনিস আমার বুকে লেগেছে।'

আরো পড়ুন: