ট্রফি জিততে না পারলে নিউজিল্যান্ডকে ‘চোকার’ তকমা দেবেন স্টেইন

টি-টোয়েন্টি বিশ্বকাপ
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাদা বলের ক্রিকেটে সবশেষ এক দশকের বেশি সময়ে দুইটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। তবে একটিতেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি তারা। টানা চার ফাইনালে হারা কিউইরা আরেকটি ফাইনালের সামনে দাঁড়িয়ে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসরা যদি ভারতে হারাতে না পারে তাহলে নিউজিল্যান্ডকে চোকার তকমা দেবেন ডেল স্টেইন।

৮ মার্চ (রবিবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। সবশেষ প্রায় এক যুগে সাদা বলের ক্রিকেটে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে এটি কিউইদের পঞ্চম ফাইনাল। ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল ব্রেন্ডন ম্যাককালামদের। বছর চারেক পর আবারও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে তারা।

সেবারও বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি কেন উইলিয়ামসনরা। সুপার ওভারে টাই হলে বাউন্ডারি ব্যবধানে ট্রফি হাত ছাড়া হয় কিউইদের। বছর দুয়েক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠে তারা। যদিও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জেতা হয়নি। গত বছরও ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের হারতে হয়েছে ভারতের কাছে। বছর ঘুরতেই আরেকটি ফাইনালে মাঠে নামছে নিউজিল্যান্ড।

আইসিসির সবশেষ কয়েকটি আসরে ধারাবাহিকভাবে ভালো করলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেললেও ফাইনালে গিয়ে পথ হারানো যেন নিউজিল্যান্ডের রীতি হয়ে গেছে। আইসিসির টুর্নামেন্টগুলোতে বারবার ব্যর্থ হওয়ায় সাউথ আফ্রিকাকে সবাই চোকার বলে ডাকে। স্টেইন জানান, নিউজিল্যান্ড যদি ভারতকে হারিয়ে শিরোপা জিততে না পারে তাহলে আনুষ্ঠানিকভাবে স্যান্টনারদের চোকার তকমা দেবেন।

এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপ ফাইনাল নিয়ে আলোচনা করতে গিয়ে স্টেইন বলেন, ‘দেখো, সত্যি বলছি। সবাই সাউথ আফ্রিকাকে ‘চোকার’ ডাকতে পছন্দ করে। কিন্তু আমি বলতে চাই নিউজিল্যান্ডও তো খুব বেশি বিশ্বকাপ জেতেনি। তারা আমাদের চেয়ে বেশি ফাইনাল খেলেছে। তাই, নিউজিল্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, দয়া করে এবার ট্রফিটা জেতো।’

সাউথ আফ্রিকার সাবেক পেসার আরও বলেন, ‘সেটা (শিরোপা না জিতলে) না হলে আমি আনুষ্ঠানিকভাবে ওই তকমা (চোকার) তোমাদের দিয়ে দেব, ওইটা তোমাদেরই প্রাপ্য। আমি নিউজিল্যান্ডকে পছন্দ করি কিন্তু তারা ভারতকে হারাতে পারবে না। তাদের জিততে হলে ভারতকে অবিশ্বাস্যভাবে ‘চোক’ করতে হবে। আমি বলছি, এটা সম্ভব নয়। আমি সত্যিই চাই তারা জিতুক। কিন্তু সত্যিই কী আমি ভাবছি যে, তারা ভারতকে হারাবে? না।’

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড। বিশেষ করে তাদের টপ অর্ডার নিয়মিত রান করছেন। ফিন অ্যালেন ও টিম সেইফার্টের ব্যাটে সাউথ আফ্রিকাকে উড়িয়ে কিউইরা উঠেছে ফাইনালেও। আহমেদাবাদে গ্যালারি ভর্তি ভারতীয় সমর্থকদের হৃদয় ভেঙে ট্রফি জিততে চান স্যান্টনার।

আরো পড়ুন: