তিন দেশের ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে চলতি বছরের ২৬ আগষ্ট পর্দা উঠবে ইটিপিএলের প্রথম আসরের। ফাইনাল হবে ২০ সেপ্টেম্বর। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড—প্রতিটি দেশেরই দুইটি করে ফ্র্যাঞ্চাইজি থাকবে। ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি হয়েছে। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় একটি কনসোর্টিয়াম। বিবিসি স্পোর্ট জানিয়েছে, সেই কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত আছেন অশ্বিন ও রাহুল।
ক্রিকেট থেকে অবসরের পর এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে যাচ্ছেন তারা দুজন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত বছর আইপিএলও ছেড়েছেন অশ্বিন। গত মৌসুমে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলার কথা থাকলেও চোটের কারণে সেটা হয়ে উঠেনি। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছেন ভারতের সাবেক স্পিনার। ক্রিকেট ছেড়ে পুরোপুরি কোচিংয়ে মন দিয়েছেন দ্রাবিড়।
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করেছেন সাবেক এই ব্যাটার। এ ছাড়া ভারত জাতীয় দলের হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে তার। দ্রাবিড়ের অধীনে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। বিশ্বকাপ জিতেই দায়িত্ব ছাড়েন দ্রাবিড়। এদিকে অশ্বিন ইটিপিএলে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। যদিও ধারণা করা হচ্ছে, ভারতের সাবেক স্পিনারের খেলার সম্ভাবনা আছে।
বিবিসি স্পোর্ট আরও জানিয়েছে, নেদারল্যান্ডস ভিত্তিক রটারড্যাম ফ্র্যাঞ্চাইজির মালিকানাও বিক্রি হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কেনার দৌড়ে বেশ এগিয়ে আছেন সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন ও জন্টি রোডস। চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানার তালিকা প্রকাশ করা হবে।
আয়ারল্যান্ড ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাবলিন এখনো বিক্রি হয়নি। বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজিটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে। জানা গেছে, ইংল্যান্ডের দ্য হ্যান্ড্রেড টুর্নামেন্টের অন্তত দুইটি দলও ডাবনিল কেনার দৌড়ে আছে। এর আগে আমস্টারডামের মালিকানা কিনেছেন স্টিভ ওয়াহ, জেমি ডোয়্যারসহ একটি গ্রুপ। বেলফাস্ট ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় আছেন ম্যাক্সওয়েল। এ ছাড়া এডিনবার্গ কিনে নিয়েছেন নাথান ম্যাককালাম ও মিলস।