টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা আফগানিস্তানের। সাদা বলের সিরিজের জন্য ভিন্ন ভিন্ন স্কোয়াডও ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সব ঠিক থাকলে ১৩ মার্চ শারজাতে টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা ছিল। পরবর্তীতে ২০ মার্চ দুবাইয়ে শুরু হওয়ার কথা ওয়ানডে সিরিজ।
যদিও সিরিজটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। সবশেষ কয়েক দিন ধরেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলমান। সংঘাত ক্রমশই বেড়ে চলেছে। যুদ্ধ পরিস্থিতিতে পাল্টা জবাব হিসেবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা করছে ইরান।
এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিমান চলাচলও করছে না নিয়মিত। মধ্যপ্রাচ্যের এমন সংঘাতের কারণে সিরিজটি স্থগিত করার কথা ভাবছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমন ইঙ্গিত দিয়েছেন রোশান আবেসিংহে।
সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে শ্রীলঙ্কা ক্রিকেট শারজাহ ও দুবাইতে হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
শ্রীলঙ্কা সিরিজের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব হারিয়েছেন রশিদ খান। আফগানদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন ইব্রাহিম জাদরান। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই দায়িত্ব বুঝে নেওয়ার কথা তার। পাশাপাশি নতুন প্রধান কোচ রিচার্ড পাইবাসেরও প্রথম পরীক্ষা হওয়ার কথা সিরিজটি।