আমিরকে ‘ভুয়া বাবা’ বললেন সিধু

টি-টোয়েন্টি বিশ্বকাপ
‘হারনা মানা হ্যায়’ শোতে মোহাম্মদ আমির
‘হারনা মানা হ্যায়’ শোতে মোহাম্মদ আমির
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করেছেন সূর্যকুমার যাদব, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা। ভারতকে নিয়ে প্রতিনিয়ত মন্তব্য করে বারবার ভুল প্রমাণিত হওয়া আমিরকে ‌‘ভুয়া বাবা’ হিসেবে আখ্যা দিয়েছেন নভোজিৎ সিং সিধু। আমিরকে খোঁচা দিয়ে ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘খালি কলসি বাজে বেশি’।

বিশ্বকাপ চলাকালীন নিয়মিতই ‘হারনা মানা হ্যায়’ নামের একটি শো করছে পাকিস্তানের টিভি জিও নিউজ। সেই শোতে অতিথি হিসেবে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছেন আমির, রশিদ লতিফ ও আহমেদ শেহজাদ। সুপার এইট পর্ব শুরুর আগে তাদের কাছে জানতে চাওয়া হয় কোন চার দল সেমিফাইনাল খেলবে। ওই সময় আমির ভবিষ্যদ্বাণী ভারতকে টপকে সেমিফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।

প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার কাছে হেরে যায় ভারত। সেই ম্যাচের পর আবারও জোর দিয়ে বলেন, ভারত সেমিফাইনালে যেতে পারবে না। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেও এমন মন্তব্য করেন। যদিও কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেরা চারের টিকেট কাটে বর্তমান চ্যাম্পিয়নরা। পরবর্তীতে সেমিফাইনালে ইংল্যান্ডের পক্ষে বাজি ধরেন আমির। সেই বাজিতেও হেরেছেন পাকিস্তানের সাবেক পেসার।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, ইশান কিশানদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৫৩ রান তোলে ভারত। পরবর্তীতে অক্ষর প্যাটেল, বুমরাহ, হার্দিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ রানের জয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। সেই ম্যাচের পর আমির জানিয়েছেন, ক্যাচ ছেড়ে দিলে আমি কী করব! ভারত ফাইনালে ওঠার পর আমিরকে খোঁচা দিতে ভুল করেননি সিধু। পাকিস্তানের জয়ে ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফি জেতা পেসারকে ‘ভুয়া বাবা’ আখ্যা দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সিধু বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় কিছু লোক ঢংগী বাবা (ভুয়া বাবা)। প্রথমত তারা বলেছিল ভারত কোয়ালিফাই করবে না, সেমিফাইনালেও যাবে না। তারা দাবি করেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা যাবে (সেমিফাইনাল)। কিন্তু সাঞ্জু স্যামসন কামব্যাক করার সাথে সাথে দুই দলই বিদায় নিলো।

‘আজকে (গতকাল) তারা বলল ইংল্যান্ড সেমিফাইনাল জিতবে, ইংল্যান্ডও ছিটকে গেল। আমার বক্তব্য হচ্ছে, ভবিষ্যদ্বাণী এসব নির্ধারণ করে না। যুদ্ধক্ষেত্রেই ম্যাচের নিষ্পত্তি হয়। ভিক্ষা করে সিংহাসন অর্জন করা যায় না। খালি কলসি বাজে বেশি। এটাই আমার কথা।’

টি-টোয়েন্টিতে টানা দুই বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নরা ৮ মার্চ (রবিবার) ফাইনাল খেলবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যেখানে তাদের প্রতিপক্ষ কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ না জেতা নিউজিল্যান্ড। এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে গেলেও সুপার এইট থেকেই বিদায় নিয়েছে আমিরের পাকিস্তান।

আরো পড়ুন: