‘চোক’ করতে হলে ম্যাচে টিকতে হয়, আমরা সেটাও পারিনি: কনরাড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাউথ আফ্রিকা দল, ফাইল ফটো
সাউথ আফ্রিকা দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর আবারও সামনে এসেছে সাউথ আফ্রিকার পুরোনো ‘চোকিং’ প্রসঙ্গ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শেষ প্রশ্নটিই ছিল এই বিষয় নিয়ে। তবে দলটির প্রধান কোচ শুকরি কনরাড সেই আলোচনাকে গুরুত্ব না দিয়ে সরাসরি দলের পারফরম্যান্সের ব্যর্থতার কথাই তুলে ধরেন।

আইসিসির নকআউট ম্যাচে সাউথ আফ্রিকার ব্যর্থতা নতুন কিছু নয়। বড় টুর্নামেন্টে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে হোঁচট খাওয়ার ঘটনা বহুবার ঘটেছে তাদের ক্ষেত্রে। এ কারণেই ‘চোকার’ তকমাও দীর্ঘদিন ধরে শুনে আসছে প্রোটিয়ারা। তবে এবারের হারের ব্যাখ্যায় সেই শব্দ ব্যবহার করতে নারাজ কোচ কনরাড।

'আমার মনে হয় না আজকের রাতের ঘটনাকে ‘চোক’ বলা যায়। আমরা স্রেফ বিধ্বস্ত হয়েছি। চোক করতে হলে অন্তত ম্যাচে কিছুটা সময় টিকে থাকতে হয়, কিন্তু আমরা সেটাও করতে পারিনি।'

সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে ব্যাটিং করে সাউথ আফ্রিকা তোলে ১৬৯ রান। ব্যাটিং–সহায়ক উইকেট ও তুলনামূলক ছোট মাঠে এই লক্ষ্য খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠেনি। রান তাড়ায় নেমে নিউজিল্যান্ড ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয়।

'সাউথ আফ্রিকায় আমরা এটাকে বলি, আমাদেরকে ‘মুরড’ করা হয়েছে, আজকে রাতে আমরা ‘প্রপার স্নটক্ল্যাপ’ পেয়েছি। এটিও সাউথ আফ্রিকান ভাষা, যেটির মানে মুখ লুকানোর জায়গা পাচ্ছি না আমরা।'

তবে পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়ে গর্বের কথাও বলেন কনরাড। তার মতে, দল দেশ ছাড়ার সময় অনেকেই সেমিফাইনালে ওঠার সম্ভাবনাও দেখেনি। এই ম্যাচে প্রতিপক্ষের পারফরম্যান্সকেও কৃতিত্ব দিয়েছেন সাউথ আফ্রিকার কোচ।

তিনি বলেন, 'টুর্নামেন্টজুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং ছেলেদের নিয়ে আমি গর্বিত। কিন্তু এটাকে সান্ত্বনা হিসেবে দেখার সুযোগ নেই। বিশ্বকাপে বিচারটা শেষ পর্যন্ত ফল দিয়েই করা হয়।'

'আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। টস জিতলে হয়তো কিছুটা সুবিধা হতো, কিন্তু সেটাকে অজুহাত বানাতে চাই না। লড়াই করার মতো স্কোরই করতে পারিনি আমরা। নিউজিল্যান্ড শুরুতেই স্পিনারদের দারুণভাবে ব্যবহার করেছে এবং আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।'

আরো পড়ুন: