ইংল্যান্ডের রান তাড়ার সময় সূর্যকুমারের হৃৎস্পন্দন ছিল ‘১৬০-১৭০’

টি-টোয়েন্টি বিশ্বকাপ
সূর্যকুমার যাদব, ফাইল ফটো
সূর্যকুমার যাদব, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‎২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেনি ভারত। সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ৭ রানের জয়ে ফাইনালে উঠেছে তারা। ম্যাচ শেষে করমর্দনের সময় হাসতে হাসতেই প্রতিপক্ষ অধিনায়ককে কিছু একটা বলছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

ইংল্যান্ডের রান তাড়ায় শুরুটা দ্রুতগতির হলেও পাওয়ার প্লের মধ্যেই ফিরেছেন ফিল সল্ট, হ্যারি ব্রুক ও জস বাটলার। পরে টম ব্যান্টনও আউট হলে মনে হচ্ছিল ম্যাচ ভারতের দিকেই ঝুঁকে পড়েছে। কিন্তু মাঝের দিকে পাল্টা লড়াই গড়ে তোলেন জ্যাকব বেথেল ও উইল জ্যাকস।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, 'ওহ ঈশ্বর! মাত্রই হ্যারি ব্রুককে বললাম, 'তোমাদের সঙ্গে আর কত রান করতে হবে!' উইকেট দারুণ ছিল। তবে ইংল্যান্ডের কৃতিত্ব কেড়ে নিতে চাই না। তারা সবসময় ম্যাচে ছিল এবং দারুণভাবে রান তাড়া করেছে।'

তিনি আরো বলেন, 'যেভাবে জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও অন্যরা ম্যাচটা বের করে নিয়েছে, তা অসাধারণ। আমরা সবাই জানি বুমরাহ কী করতে পারে। প্রয়োজনের সময় সে এগিয়ে এসেছে এবং দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে।'

ইংল্যান্ডের ইনিংসে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ১৮তম ওভারটি। ওই ওভারে বুমরাহ দেন মাত্র ৬ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ তিন ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৪৫ রান। পরের ওভারে হার্দিক পান্ডিয়া দেন ৯ রান, আর শেষ ওভারে শিভম দুবের ওভার থেকে ২২ রান তুলেও জয়ের কাছে পৌঁছাতে পারেনি তারা।

শেষ কয়েক ওভারে ম্যাচ দোলাচলে থাকায় স্নায়ুচাপও অনুভব করেছেন ভারত অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'খুবই চাপে ছিলাম। কেউ যদি তখন আমার হৃদয়ের স্পন্দন পরীক্ষা করত, দেখত ১৬০-১৭০-১৭৫ হয়ে গেছে! তবে এসব খেলারই অংশ। দারুণ একটি সেমিফাইনাল ছিল।'

ফিল্ডিংকেও ম্যাচের বড় পার্থক্য হিসেবে দেখছেন তিনি। সুরিয়াকুমারের ভাষায়, 'ফিল্ডিং কোচ টি দিলিপকে কৃতিত্ব দিতে হবে। যেভাবে তিনি ছেলেদের নিয়ে কাজ করছেন, অনুশীলনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছেন, সেটার ফল মাঠে দেখা যাচ্ছে।'

ফাইনালে ওঠার অনুভূতিও ভাগ করে নেন ভারত অধিনায়ক। তিনি বলেন, 'অবিশ্বাস্য অনুভূতি। দেশের মাঠে বিশ্বকাপ, অসাধারণ একটি দলকে নেতৃত্ব দেওয়া এবং ফাইনালে ওঠা, সব মিলিয়ে এটা আমাদের সবার জন্যই খুব স্পেশাল।'

আরো পড়ুন: