এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ভারতীয় দল নিয়ে কথা বলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি তখনও আনুষ্ঠানিকভাবে হার্শিতের বাদ পড়া খবর নিশ্চিত করেননি। যদিও বিশ্বকাপ থেকে তিনি যে ছিটকে যেতে পারেন সেই আশঙ্কার কথাই জানিয়েছিলেন সূর্যকুমার। শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।
হার্শিতের না থাকাকে বড় ধাক্কা হিসেবেই দেখছে ভারত। বিশেষ করে সেরা একাদশে হার্শিতকে নিয়েই নিজেদের পরিকল্পনা সাজিয়েছিল ভারত। ফলে তিনি ছিটকে গেলে তার জায়গায় অন্য একজনকে নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে বিশ্বকাপের স্বাগতিকদের। তবে ভারতীয় অধিনায়ক আশাবাদী যেই সুযোগ পাবেন ভালো করবেন।
সূর্যকুমার ধাক্কার কথা জানিয়ে বলেছিলেন, ‘‘হার্শিত রানা এখনও বাদ পড়েনি। ফিজিওরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, তবে পরিস্থিতি খুব একটা ভালো দেখাচ্ছে না। ১৫ জনের দল গঠনের ক্ষেত্রে আমাদের যে সমন্বয় থাকে, তার জন্যই এটি বড় ধাক্কা হবে। সে না থাকলে অবশ্যই তাকে মিস করব।'
সূর্যকুমার আরও যোগ করেন, 'আমাদের কাছে যথেষ্ট বিকল্প আছে। যে ফাস্ট বোলাররা রয়েছে তাদের মধ্য থেকে সেরা বিকল্প বেছে নেওয়া হবে। হার্শিতের মতো কেউ যদি ৯ নম্বরে ব্যাট করতে পারে, সেটি অবশ্যই সুবিধা; কিন্তু প্রথম আট ব্যাটারদেরও তো দায়িত্ব নিতে হবে—তাদেরই রান করতে হবে।’
সর্বশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন হার্শিত। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এক ওভারের মধ্যে দুইবার তিনি বোলিংয়ের রান আপ নিতে গিয়ে সমস্যায় পড়েন। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া যায়।