স্যামসনের ক্যাচ ছেড়ে বড় ভুল করেছি: ব্রুক

টি-টোয়েন্টি বিশ্বকাপ
হ্যারি ব্রুক, ফাইল ফটো
হ্যারি ব্রুক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মোট ৪৯৯ রানের টি-টোয়েন্টি ম্যাচ, সেই ম্যাচেরও আবার নিষ্পত্তি হয়েছে একেবারে ম্যাচের শেষ ওভারে গিয়ে। এমন শ্বাসরুদ্ধকর রান উৎসবের ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে আছে ম্যাচের মাত্র তৃতীয় ওভারেরই একটা ক্যাচ মিস! ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক সেমিফাইনালের ম্যাচসেরা সাঞ্জু স্যামসনের ক্যাচ যখন ফেললেন তখন স্যামসন মোটে ১৫ রানে। সেই স্যামসন এরপর ৪২ বলে ৮৯ রান করে ভারতের সংগ্রহকে ইংলিশদের প্রায় ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গেলেন। তাই সেমিফাইনাল হারার পর ইংলিশ অধিনায়ক ব্রুকের সরল স্বীকারোক্তি, ক্যাচটা ছেড়ে ভুল করেছেন তিনি।

ওয়াংখেড়েতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এ দিন রান উৎসবে মেতেছিলো ভারত আর ইংল্যান্ড। দুই দল মিলে ৪০ ওভারে স্কোর বোর্ডে তুলেছে মোট ৪৯৯ রান। এমন ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয় ফিল্ডিংই। এ দিনও তাই হয়েছে। ম্যাচের তখন মাত্র তৃতীয় ওভার। আগের ওভারেই টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার অভিষেক শর্মাকে আউট করে দারুণ সূচনা পেয়েছিলো ইংলিশরা। পরের ওভারেই জফরা আর্চারের বলে মিড অনে সহজ ক্যাচ তুলে দেন ভারতকে সেমিফাইনালে উঠানোর নায়ক স্যামসন।

‎সেই ক্যাচকে শুধু সহজ বললেও বোধয় ভুল বলা হবে। আন্তর্জাতিক ক্রিকেটের মানদন্ডে ক্যাচটাকে 'অতি সহজ'ই বলা যায়। সেই ক্যাচও কিনা ছেড়েছেন ইংল্যান্ডের সেরা ফিল্ডার হিসেবে খ্যাত অধিনায়ক ব্রুক। সেই 'জীবন' কাজে লাগিয়ে এরপর স্যামসন যোগ করেন আরো ৭৪ রান। ভারতের আড়াইশোর্ধ রানের মূল ভিতটি গড়ে দেন এই উইকেটরক্ষক ব্যাটার।

‎আগের ম্যাচেই একা হাতে ভারতকে সেমিফাইনালে তোলা সেই স্যামসনের ক্যাচে মিসেই যে ম্যাচ অনেকটা হাতছাড়া হয়ে গেছে সেটা মানেন ব্রুকও। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি স্বীকার করছি, স্যামসনের ক্যাচ ছেড়ে বড় ভুল করেছি। ক্যাচ ম্যাচ জেতায়। দুর্ভাগ্যবশত বলটা আমার হাতে থাকেনি। অবশ্যই এটা আমার মাথায় কাজ করছিল। আমি বারবার স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলাম এবং সে বড় রানের দিকে যাচ্ছিলো। মনে মনে ভাবছিলাম, আজ আমাকে ৮৯ রান করতেই হবে।'

‎কিন্তু ৮৯ রান তো দূর, এদিন ব্যাট হাতেও দলে ভূমিকা রাখতে পারেননি ইংলিশ অধিনায়ক। মাত্র সাত রান করেই ইংলিশদের বিপদে ফেলে আউট হন তিনি। ব্রুকের আউটটি আবার হয়েছে অক্ষর প্যাটেলের দুর্দান্ত এক ক্যাচে। তাই সব মিলিয়ে বিভীষিকাময় এক দিন কেটেছে ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের। টুর্নামেন্ট জুড়ে মোট ১৩ টি ক্যাচ ছেড়ে ফিল্ডিং নিয়ে তুমুল সমালোচনায় থাকা ভারত এ দিন দারুণ সব ক্যাচ ধরে এমন ম্যাচে জয় নিশ্চিত করেছে।

আরো পড়ুন: