ম্যাককালামকে নিয়ে ১২৫ শতাংশ আত্মবিশ্বাসী ব্রুক

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ব্রেন্ডন ম্যাককালাম ও হ্যারি ব্রুক, ফাইল ফটো
ব্রেন্ডন ম্যাককালাম ও হ্যারি ব্রুক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
‎বছর দুয়েক ধরে রঙিন পোষাকে ইংল্যান্ডের দায়িত্ব সামলাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। তাকে নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটের অন্দরমহলে সমালোচনা চলে প্রায় সবসময়ই। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ইংলিশদের বিদায় হবার পরেও সেই রব আবারো ওঠার কথা। কিন্তু ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক প্রধান কোচের ওপর ভরসা রাখছেন শতভাগেরও বেশি। ব্রুকের মতে, তার দেখা সেরা কোচও সাবেক এই কিউই অধিনায়ক।

২০২২ সালের মে মাসে টেস্ট ফরম্যাটে ইংল্যান্ড দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ম্যাককালাম। টেস্ট ফরম্যাটে ইংল্যান্ড তো বটেই এরপর থেকে পুরো বিশ্বক্রিকেটেই যেন আগ্রাসী ক্রিকেটের এক জোয়ার বয়ে গেল। আল্ট্রা-এটাকিং মোডে টেস্ট খেলার সেই ধরণের নামকরণও হলো ম্যাককালামের ডাকনামকে দিয়ে (বাজবল)। শুরুতে ইংল্যান্ড সাফল্যও পেতে থাকলো। যার কারণে ২০২৩ বিশ্বকাপের পর টেস্টের পাশাপাশি অন্য দুই ফরম্যাটেও দলকে ম্যাককালামের হাতেই তুলে দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

‎যদিও ম্যাককালামের কোচিংয়ের ধরন নিয়ে ইংল্যান্ডে সমালোচনার কমতি নেই। জিওফ বয়কটসহ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা প্রতিনিয়তই ম্যাককালামের কোচিংয়ের সমালোচনায় মুখর থাকেন। এমনিতেও সাদা বলে ইংল্যান্ডের সময়টা অনেক ভালো যাচ্ছে তাও বলা যাবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ তে হোয়াইটওয়াশ হবার পর অ্যাশেজে ৪-১ এ হারের লজ্জা পেতে হয়েছে ম্যাককালামের শিষ্যদের।

তাই সব প্রত্যাশা ছিলো এবারের বিশ্বকাপকে ঘিরে। সুপার এইটের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠলেও ইংল্যান্ডের খেলার ধরণ নিয়ে খুশি ছিলেন না অনেকেই। সেমিতে ভারতের বিপক্ষে হেরে বাদ পড়ায় এখন তাই ম্যাককালামকে কোচ হিসেবে নিরীক্ষণের সময় হয়েছে বলেও মনে করা হচ্ছে।

‎যদিও এখনই আস্থা হারাতে চাচ্ছেন না ইংলিশ অধিনায়ক ব্রুক। সেমিফাইনালে ভারতের বিপক্ষে সাত রানে হারের পর সংবাদ সম্মেলনে ব্রুককে জিজ্ঞেস করা হয়েছিলো, এখনো ম্যাককালামকে কোচ হিসেবে রাখতে ক্রিকেট বোর্ডকে পরামর্শ দেবেন কিনা?

দৃঢ়তার সাথে ব্রুক বলেন, ‘১২৫ শতাংশ বার (পরামর্শ দিবো)। আমি অনেকবার বলেছি, তিনি আমার সাথে কাজ করা কোচদের মধ্যে সেরা। তিনি আমার দেখা সেরা একজন প্রধান কোচ। তিনি যেভাবে সবার সাথে কথা বলেন, ড্রেসিংরুমে বিশেষ এক ‘অরা’ রয়েছে। সবাই তার উপর নির্ভর করে। তিনি খেলোয়াড় হিসেবে যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য ছিল, সেগুলোই যেন কোচিংয়ে নিয়ে এসেছেন। চার বছরে তিনি ইংলিশ ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছেন এবং সেটা ইতিবাচকভাবেই।'

‎ইংল্যান্ড দলের কোচ হিসেবে থেকে যেতে চান ম্যাককালামও। ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ করার আকাঙ্খার কথাও জানিয়েছেন ইংল্যান্ড কোচ, 'আমি আমার কাজকে ভালোবাসি। আমার মতে এটা বড় একটা কাজ। আর এটাতে অবশ্যই চ্যালেঞ্জ থাকবেই। আমার মনে হয় আমরা গত কয়েকবছরে দারুণ কিছু অর্জন করেছি। কিন্ত এই দলটাকে নিয়ে সব ফরম্যাটেই আরো কিছু অর্জন করা এখনো বাকি।'

আরো পড়ুন: