‘ভারতীয় দলে জ্বীন আছে, চেরাগ ঘষলেই বুমরাহ বেরিয়ে আসে’

টি-টোয়েন্টি বিশ্বকাপ
জসপ্রীত বুমরাহ, ফাইল ফটো
জসপ্রীত বুমরাহ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের পেসার জসপ্রীত বুমরাহকে অনেকেই বিশ্বের সেরা বোলারদের একজন মনে করেন। তবে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি তাকে দেখছেন আরও ভিন্নভাবে, অনেকটা ‘সুপারপাওয়ার’ এর মতোই। তার মতে, এমন একজন বোলার থাকা যে কোনো দলের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়, যা হয়তো ভারতীয় দল নিজেও পুরোপুরি উপলব্ধি করে না।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–ইংল্যান্ড সেমিফাইনালে হাই স্কোরের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুমরাহ। প্রায় ৫০০ রানের ম্যাচে যেখানে রান উঠেছে ওভারপ্রতি প্রায় সাড়ে ১২ করে, সেখানে এই পেসার তার চার ওভারে দিয়েছেন মাত্র ৮.২৫ করে রান। শেষ দিকে তার নিয়ন্ত্রিত বোলিংই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের পর ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে দু প্লেসি বলেন, 'ভারতীয় দল হয়তো বুঝতেও পারে না, তার (বুমরাহ) মতো একজনকে পাওয়া তাদের জন্য কতটা সৌভাগ্যের। বারবার এটি প্রমাণিত হয়ে আসছে। স্রেফ তার হাতে বল তুলে দিন, সে ম্যাচ জিতিয়ে দিতে পারে।'

তিনি আরও বলেন, 'এটি একট ‘সুপারপাওয়ার’, যে কোনো অধিনায়কের স্বপ্ন যা; কোনো জ্বীন পেয়ে যাওয়ার মতো ব্যাপার, চেরাগ ঘষলেই বুমরাহ বেরিয়ে আসে।'

এই ম্যাচে বিশেষভাবে আলোচনায় আসে বুমরাহর করা অষ্টাদশ ওভারটি। তখন ক্রিজে ছিলেন জ্যাকব বেথেল এবং স্যাম কারান। গুরুত্বপূর্ণ সেই সময়ে মাত্র ৬ রান দেন তিনি। দু প্লেসির মতে, ব্যাটাররা ঝুঁকি না নেয়াটাই প্রমাণ করে বুমরাহ বোলার হিসেবে কতটা কঠিন।

ডু প্লেসি বলেন, 'তার শেষ ওভারটিতে ব্যাটাররা জানত, ইয়র্কার বা স্লোয়ার বল আসতে পারে। দুটি লো ফুল টসও করেছিল সে, কিন্তু স্যাম কারান দেরিতে খেলেছে। অন্য কোনো বোলার হলে হয়তো ছক্কা খেতে হতো।'

বুমরাহর ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নিয়েও কথা বলেন তিনি, 'তার অ্যাকশন এতটাই আলাদা যে কবজি থেকে বল বেরোনোর গতি পড়তে ব্যাটারদের সমস্যা হয়। স্কিল তো আছেই, পাশাপাশি অ্যাকশনের রহস্যও আছে, আগে যেমন ছিল লাসিথ মালিঙ্গার ক্ষেত্রে।'

শেষদিকে বুমরাহকে কার্যকরভাবে ব্যবহার করায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রশংসাও করেন ডু প্লেসি। তিনি বলেন, 'ইনিংসের শেষ দিকে যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখনই তার আসল ‘সুপারপাওয়ার’ দেখা যায়। এই ম্যাচে তাকে ঠিক সময়েই আক্রমণে আনা হয়েছে। অধিনায়কত্ব ছিল একেবারেই অসাধারণ।'

আরো পড়ুন: