ভারতকে মাটিতে আছড়ে ফেলে তুলাধুনা করেছে সাউথ আফ্রিকা: মুশতাক

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সাউথ আফ্রিকার কাছে ভারতের বড় ব্যবধানে হারের পর কঠোর মন্তব্য করেছেন সাকলাইন মুশতাক। পাকিস্তানের সাবেক এই অফ স্পিনারের মতে, সাম্প্রতিক সময়ে দাপুটে ফর্মে থাকা ভারতকে মাঠে পুরোপুরি পরাস্ত করেছে প্রোটিয়ারা।

ম্যাচটির আগে ভারত ছিল বেশ ধারাবাহিক। গত বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন দলটি সেই আসরের পর থেকে নতুন বিশ্বকাপের আগে পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে হারে মাত্র ছয়টিতে। গ্রুপ পর্বেও ছিল একই ছন্দ, সব ম্যাচে জয়, এমনকি গুরুত্বপূর্ণ লড়াইয়েও ছিল নিয়ন্ত্রণ।

কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই থেমে যায় সেই গতি। আহমেদাবাদে সাউথ আফ্রিকারর বিপক্ষে ব্যাটে-বলে পিছিয়ে পড়ে ৭৬ রানে হারে ভারত। বিশ্বকাপের ইতিহাসে এটি ভারতের সবচেয়ে বড় ব্যবধানের হার, আর টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ।

একটি টেলিভিশন চ্যানেলে আলোচনা করতে গিয়ে সাকলাইন বলেন, 'সাউথ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলাধুনা করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, সাউথ আফ্রিকা তাদের উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত।'

এই হারে শুধু ম্যাচই হাতছাড়া হয়নি, বড় ধাক্কা খেয়েছে ভারতের রান রেটও। এক ম্যাচ হেরেই সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিল হয়ে গেছে। পরের দুই ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হতে পারে অন্য দলের ফলাফলের দিকে।

পরবর্তী ম্যাচে চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। এরপর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই। সুপার এইটের বাকি দুই ম্যাচ এখন তাদের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: