এই প্রেক্ষাপটে ভারতের সাবেক ক্রিকেটারদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। তার অভিযোগ, কিছু মন্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে, যা ক্রিকেটের চেতনার সঙ্গে যায় না।
‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে মুশতাক বলেন, 'সম্প্রতি একজন সাবেক ক্রিকেটার বলেছিলেন, যাদের শুরু থেকেই কোনো সম্মান নেই, তারা সম্মান নিয়ে কথা বলবে কীভাবে। আমি বলি, সাধারণ বুদ্ধি খাটান। আপনারা সাবেক ক্রিকেটার, আপনাদের তো নায়ক হওয়ার কথা, সবার জন্য আলো ছড়ানোর কথা।'
তিনি আরও বলেন, 'রাজনীতিবিদেরা তাদের রাজনীতি করবেই। কিন্তু সাবেক ক্রিকেটারদের সে সুরে কথা বলা উচিত নয়। যখন আপনারা বাউন্ডারি মারেন বা উইকেট নেন, সীমান্তের দুই পাশের মানুষই তালি দেয়, এটা আপনাদের বোঝা দরকার।'
মুশতাক মনে করেন, মাঠের বাইরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সৌহার্দ্য একসময় ছিল, তা অনেকটাই হারিয়ে গেছে। তার ভাষায়, 'আমার মনে হয় না সেই পুরোনো ভ্রাতৃত্ববোধ আর ফিরে আসবে। পরিস্থিতি অনেক দূর গড়িয়েছে এবং সচেতনভাবেই সেটাকে এমন জায়গায় রাখা হচ্ছে।'
বিশ্ব ক্রিকেটে ভারতের আর্থিক প্রভাব নিয়ে চলা আলোচনাতেও ক্ষোভ প্রকাশ করেন মুশতাক। তিনি বলেন, 'তারা প্রায়ই বলে, 'আমরাই আয় করছি বলেই সবাই খাচ্ছে।' এমন ভাব করা হয় যেন অন্যদের কিছুই নেই। এই ধরনের বক্তব্যে তাদের ঔদ্ধত্যই বেশি প্রকাশ পায়।'