রবিবার রাতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে হওয়া বৈঠকে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে কিছু শর্ত তুলে ধরেছে বলে জানিয়েছে টেলিকম এশিয়া স্পোর্ট। ভারতের গণমাধ্যম এনডিটিভিও সূত্রের বরাতে তিনটি শর্তের কথা জানিয়েছে, যদিও প্রতিবেদনে শর্তগুলোর ধরনে পার্থক্য রয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমগুলো বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও শর্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে জিও নিউজ জানিয়েছে, 'ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান জানতে পিসিবি চেয়ারম্যান এক-দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন।' এরপরই ১৫ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্থান টাইমস টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে জানিয়েছে, ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পিসিবি আইসিসির কাছে তিনটি শর্ত দিয়েছে। এর মধ্যে প্রথমটি আর্থিক। 'বর্তমানে আইসিসি থেকে পাকিস্তান যে লভ্যাংশ পায়, তা বাড়ানোর দাবি জানিয়েছে পিসিবি।'
দ্বিতীয় শর্ত হিসেবে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় চালুর বিষয়টি সামনে আনা হয়েছে। '২০১৩ সালের পর দুই দেশ কোনো দ্বিপক্ষীয় সিরিজে খেলেনি, আর এর পেছনে ভারতের অনাগ্রহকেই কারণ হিসেবে দেখছে পাকিস্তান।' বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তৃতীয় শর্তটি আচরণসংক্রান্ত। ২০২৫ এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করার প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, 'পাকিস্তান ভবিষ্যতে এ ধরনের আচরণ আর দেখতে চায় না।'
এদিকে এনডিটিভির আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসির কাছে পিসিবির দেয়া তিনটি শর্ত বাংলাদেশকেন্দ্রিক। সেখানে বলা হয়, 'বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।'
বাংলাদেশ সরকার ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করলেও তা না মানায় দেশটিকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছিল, যার প্রেক্ষিতেই পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।