সেইফার্টের ঝড়ো ফিফটি, জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল নিউজিল্যান্ড। গুলবাদিন নাইবের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১৮২ রানের লড়াকু পুঁজি পেয়েছিল আফগানিস্তান। যদিও টিম সেইফার্টের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১৩ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুজিব উর রহমানের করা দ্বিতীয় ওভারে দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন এবং রাচিন রবীন্দ্রকে বোল্ড করেন এই স্পিনার। অ্যালেন এক রান করলেও রাচিন রানের খাতা খুলতে পারেননি।

১৪ রানে দুই উইকেট হারানোর পর ৭৪ রানের জুটি গড়েন টিম সেইফার্ট এবং গ্লেন ফিলিপস। ২৫ বলে ৪২ রান করা ফিলিপসকে বোল্ড করে এই জুটি ভাঙেন রশিদ খান। এরপরও ঝড় অব্যাহত রাখেন সেইফার্ট।

৪২ বলে ৬৫ রান করা এই ব্যাটারকে ফেরান মোহাম্মদ নবি। তার ওভারে দুটি ছক্কা এবং একটি চার মারার পরের বলে পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন সেইফার্ট।

তারপর মার্ক চ্যাপম্যানের ১৭ বলে ২৮ এবং ড্যারিল মিচেলের ১৪ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে অনায়াস জয় পায় কিউইরা। মিচেলের সঙ্গে অধিনায়ক মিচেল সান্টনার আট বলে ১৭ রানে অপরাজিত ছিলেন।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩৫ রান তোলে আফগানিস্তান। লকি ফার্গুসনের বলে কাট করে পয়েন্টে ক্যাচ দেন ইব্রাহিম জাদরান। ১২ বলে ১০ রান করে জাদরান ফেরার পর রহমানউল্লাহ গুরবাজও বেশীক্ষণ টিকতে পারেননি।

২২ বলে ২৭ রান করা এই ওপেনারকেও ফেরান ফার্গুসন। তারপর ৭৯ রানের জুটি গড়েন গুলবাদিন নাইব এবং সেদিকউল্লাহ অটল। এই জুটি ভাঙেন জ্যাকব ডাফি। তার বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ২৪ বলে ২৯ রান করা অটল।

দলকে দেড়শ রানের গণ্ডি পার করিয়ে ফিরে যান নাইবও। ৩৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে রাচিনের বলে ফেরেন তিনি। উইকেটের পেছনে ক্যাচটি নেন টিম সেইফার্ট। এরপর দারউইশ রাসুলির ১৩ বলে ২০, আজমতউল্লাহ ওমরজাইয়ের সাত বলে ১৪ রানের ইনিংসে ১৮০ রান পার করে আফগানরা।

আরো পড়ুন: