দলের সঙ্গে যোগ দেওয়ার পর আরও এক নাটকীয় মোড় নেয় ঘটনা। জসপ্রীত বুমরাহর অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশেও জায়গা করে নেন সিরাজ। সেই ম্যাচে ২৯ রানে তিন উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন ৩১ বছর বয়সী এই পেসার।
ম্যাচের পর দলে হঠাৎ ডাক পাওয়ার মুহূর্তের গল্প শোনান সিরাজ। 'যখন আমি এখানে আসার ফ্লাইটে ছিলাম, তখন আমার স্বপ্নের মতো লাগছিল। ভেবেছিলাম আমি বিশ্বকাপের অংশ হব না।'
'পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ সূর্য ভাই ফোন করে বলল, ‘মিয়াঁ, প্রস্তুত হও, ব্যাগ গোছাও’, তখন তাকে বললাম, ‘রসিকতা করো না’… কিন্তু আল্লাহ মহান। বিশ্বকাপে খেলাটা অনেক বড় ব্যাপার।'
ম্যাচে নিজের ভূমিকা নিয়েও পরিষ্কার ধারণা ছিল সিরাজের। ১৬১ রানের পুঁজি নিয়ে বোলিং করতে গিয়ে পাওয়ার প্লেতে তিন ওভারে স্রেফ ১৮ রানে দুই উইকেট নেন সিরাজ। ইনিংসের শেষ বলে নেন তৃতীয় উইকেট।
সিরাজ আরো বলেন, 'আমি জানতাম নতুন বলে মারা সহজ হবে না। প্রথমত, জানতাম না যে আমি খেলব। সকালে যখন বার্তা আসে যে আমি খেলব, তখন খুশি হয়েছিলাম।'
বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আগে কী পরিকল্পনা ছিল, সেটিও জানান সিরাজ। তার ভাষায়, 'আমার পরিকল্পনা ছিল ১৫ তারিখ রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা। রমজানও আসছে। কিন্তু আল্লাহর ইচ্ছা- যা হওয়ার, তাই হয়। বিকাল ৩টায় আসার পর আমি ভিডিও পরিকল্পনা দেখেছি। সঠিক প্রস্তুতি ছাড়া একটি বড় ম্যাচ খেলতে পারবেন না। এটি বিশ্বকাপ।'