বাগে পেয়েও ইংল্যান্ডকে হারাতে পারল না নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাটলারকে আউট করে নেপালের উচ্ছ্বাস, এএফপি
বাটলারকে আউট করে নেপালের উচ্ছ্বাস, এএফপি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেতে চলেছিল ইংল্যান্ড। তবে ইংলিশদের অভিজ্ঞতার কাছে ৪ রানে হার মানতে হয়েছে নেপালকে। আগে ব্যাট করে ১৮৪ রানে থেমেছিল ইংল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০ রান করে ফেলেছিল নেপাল। তবে শেষ পর্যন্ত ভাগ্যের কাছে হার মানতে হয়েছে তাদের।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালেরও। তারা দলীয় ৪২ রানের মধ্যে ২ উইকেট হারায়। আসিফ শেখ ফেরেন মাত্র ৭ রান করে। কুশাল ভুর্টেল ১৭ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক রোহিত পাওডেল ও দীপেন্দ্র সিং আইরে। দুজনে ৮২ রানের জুটি গড়েন। আইরে হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ফেরেন ৪৪ রান করে।

অন্যদিকে রোহিত একপ্রান্ত আগলে রেখে নেপালের ইনিংস টেনে নিতে থাকেন। তিনিও ছন্দ ধরে রাখতে পারেননি। নেপাল অধিনায়ক আউট হন ৩৪ বলে ৩৯ রান করে। শেষ ৩ ওভারে নেপালের প্রয়োজন ছিল ৪৬ রান। প্রথম বলে জোফরা আর্চার দেন ওয়াইড। আর প্রথম বৈধ বলে ছক্কা মারেন আরিফ শেখ। যদিও পরের বলেই আউট হয়ে ফেরেন ১০ রান করা এই ব্যাটার। বড় শট খেলতে গিয়ে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দেন তিনি।

৭ নম্বরে নেমে বাহাদুর বাম ঝড়ো ইনিংস খেলে নেপালকে জয়ের পথে অনেকটাই এগিয়ে নেন। যদিও তাকে সঙ্গ দিতে পারেননি গুলশান ঝা। ফলে শেষ ওভারে ১০ রানের সমীকরণ ছিল নেপালের সামনে। সেই সমীকরণ আর মেলাতে পারেনি নেপাল। ফলে অল্পের জন্য হার থেকে রক্ষা পায় ইংলিশরা।

শেষ পর্যন্ত বাম ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন লিয়াম ডসন। একটি করে উইকেট নেন লুক উড, আর্চার, উইল জ্যাকস ও স্যাম কারান। বিশেষ করে শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন কারান।

এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। যদিও ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংলিশরা। দলীয় মাত্র ৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট (১)। এরপর জস বাটলার ও তরুণ জ্যাকব বেথেল দলের হাল ধরেন। বাটলার ১৭ বলে ২৬ রান করে ফিরে গেলেও, পাওয়ার প্লের ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫৭। চারে নামা টম ব্যান্টন (২) ব্যর্থ হলেও বেথেল ও অধিনায়ক হ্যারি ব্রুক জোড়া ফিফটি তুলে নেন।

৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে বেথেল বিদায় নেন, আর ব্রুক ৩২ বলে ৫৩ রানে সাজঘরে ফেরেন। শেষ দিকে উইল জ্যাকসের ঝড়ো ব্যাটিং ইংল্যান্ডকে ১৮৪ রানের সংগ্রহে পৌঁছে দেয়। জ্যাকস ১৮ বলে ৩৯ অপরাজিত রানে ৪ ছক্কা ও ১ চারে তাণ্ডব চালান। শেষ ৩ ওভারেই তার ব্যাট থেকে আসে ৪৫ রান।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে স্কোরটা আর বেশি বড় করতে পারেনি ইংল্যান্ড। নেপালের বোলারদের মধ্যে দীপেন্দ্র সিং আইরে ও নন্দন যাদব ২টি করে উইকেট নেন। সন্দীপ লামিচানে ও শের মাল্লা ১টি করে উইকেট শিকার করেন। ইংল্যান্ডের তারকা বহুল ব্যাটিং লাইনআপকে দুশর নিচে আটকে রাখাও নিশ্চিতভাবে বড় প্রাপ্তি ছিল নেপালের।

আরো পড়ুন: