এই ফাইনাল ম্যাচ খেলার জন্য ডাক পেয়েছেন সাব্বির রহমান। টুর্নামেন্টের শুরুতে কোনো একাদশে জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষ পর্যন্ত অদম্য টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ পেলেন তিনি।
সাব্বির দুর্বার একাদশের হয়ে ফাইনালে মাঠে নামবেন। মুঠোফোনে ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই। দুর্বার দলের অধিনায়কত্ব করছেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ফাইনালের আগে সাব্বিরের অন্তর্ভুক্তি দলটির ব্যাটিং শক্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
ফাইনালে দুর্বারের প্রতিপক্ষ ধূমকেতু একাদশ। এই দলের নেতৃত্বে আছেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। ধূমকেতুর দলটি মূলত বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডের আদলে গঠিত।
এদিকে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে সবচেয়ে তরুণ দল দুরন্ত। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেললেও শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে পৌঁছাতে পারেনি দলটি।