পাঞ্জাব-কলকাতাকে বিদায় করে প্লে-অফে রাজস্থান

আইপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে আগেই আইপিএলের সেরা চার নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে ছিল তিনটি দল। রাজস্থান রয়্যালসের সঙ্গে সেই তালিকায় ছিল পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তিন ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে সহজ সমীকরণ ছিল রাজস্থানের।

আইপিএলের চলতি আসরের গ্রুপ পর্বে রাজস্থানের প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট থাকায় শেষ ম্যাচে জিততে পারলেই সেরা চারের টিকিট কাটতেন বৈভব সূর্যবংশী-ইয়াশভি জয়সাওয়ালরা। এমন সহজ সমীকরণের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজস্থান।

ভালো শুরু পেলেও দ্রুতই ফেরেন জয়সাওয়াল। ছন্দে থাকা সূর্যবংশী অবশ্য ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তবে ধ্রুব জুরেল, দাসুন শানাকা ও জফরা আর্চারদের ক্যামিওতে ২০৫ রানের পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। রান তাড়ায় একেবারেই সুবিধা করতে পারেনি মুম্বাই। সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরির পরও ১৭৫ রানে থামতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

মুম্বাইকে ৩০ রানে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট কেটেছে রাজস্থান। জয়সাওয়ালদের জয়ে আইপিএল থেকে বিদায় নিয়েছে কলকাতা ও পাঞ্জাব। নিজেদের শেষ ম্যাচে শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরি ও প্রভসিমরানের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় জয় পেয়েছিল পাঞ্জাব। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারালেও ১৫ পয়েন্ট নিয়ে সেরা চারে যাওয়া হলো না তাদের।

বিপরীতে দিল্লি ক্যাপিটালসদের বিপক্ষে ম্যাচ চলাকালীনই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে কলকাতাকে। আগামী ২৬ মে প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। পরদিন অর্থাৎ ২৭ মে এলিমিনেটরে হায়দরাবাদের প্রতিপক্ষ রাজস্থান। ৩১ মে হবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের চলতি আসরের ফাইনাল।

আরো পড়ুন: