এক ম্যাচ খেললেও অর্জুনকে নিয়ে গর্বিত বাবা শচীন

আইপিএল
শচীন টেন্ডুলকার ও অর্জুন টেন্ডুলকার, ফাইল ফটো
শচীন টেন্ডুলকার ও অর্জুন টেন্ডুলকার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দুই বছর মুম্বাই ইন্ডিয়ান্সে কাটানোর পর এবারই লক্ষ্মৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন অর্জুন টেন্ডুলকার। মৌসুম জুড়ে একাদশে সুযোগ পাবার অপেক্ষায় থাকার পর অবশেষে মাঠে নামার সুযোগ পেয়েছেন অর্জুন। সেখানেও বলার মতো কিছুই করতে পারেননি তিনি। তবুও অর্জুনকে নিয়ে গর্বিত বাবা শচীন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ছেলেকে নিজের মুগ্ধতার কথা জানান।

‎লক্ষ্মৌর হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে অর্জুন। নতুন দলের হয়ে চার ওভার বল করে ৩৬ রান খরচায় নিয়েছেন পাঞ্জাবের অন্যতম সেরা ব্যাটার প্রভসিমরান সিংয়ের উইকেট। এরপর ব্যাটিংয়ে পাঁচ বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন তিনি। অভিষেক সেই অর্থে রাঙাতে না পারলেও এইটুকুতেই গর্বিত বাবা শচীন।

‎নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শচীন লেখেন, 'ভালো খেলেছ, অর্জুন। পুরো মৌসুমে তুমি যেভাবে নিজেকে সামলেছ, সেটা দেখে আমি গর্বিত। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখেছ, ধৈর্য ধরেছ, নীরবে কঠোর পরিশ্রম করে গেছ এবং শেষ ম্যাচ পর্যন্ত সুযোগের অপেক্ষায় থেকেও ইতিবাচক থেকেছ।'

‎এবারের মৌসুমে অবশ্য আর খুব বেশি কিছু করার নেই অর্জুনের। ১৪ ম্যাচের ৯টিতেই হেরে আইপিএল থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে লক্ষ্মৌ। তাই ছেলেকে ধৈর্যশীল হবার বার্তাও দিয়ে রেখেছেন শচীন। শুধু মাঠের ক্রিকেটে দক্ষ হওয়া নয়, ক্রিকেটে সফল হতে মানসিকভাবে পরিপক্ক হবার পরামর্শও দেন শচীন।

‎এ প্রসঙ্গে শচীন লেখেন, 'ক্রিকেট শুধু দক্ষতারই নয়, ধৈর্যেরও পরীক্ষা নেয়। আজ তুমি দুটোই দারুণভাবে সামলেছ। সবসময় মাটির কাছাকাছি থেকো এবং যেভাবে সবসময় খেলাটাকে ভালোবেসে এসেছ, সেই ভালোবাসাটা ধরে রেখো। সবসময় তোমাকে ভালোবাসি।'

আরো পড়ুন: