ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে প্রার্থী ১৮, প্রার্থীতা বাতিল একজনের

বিসিবি নির্বাচন
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তিন ক্যাটাগরিতে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৩৩ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাদ পড়েছেন মাত্র একজন। গোলাপগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া জসিম উদ্দীন খান খসরুর মনোনয়ন বাতিল হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ১০ পদের বিপরীতে মনোনয়ন পত্র কিনেছিলেন ১৪ জন। তবে জসিম উদ্দীনের মনোনয়ন বাতিল হওয়ায় টিকে আছেন ১৩ জন। ঢাকা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। যেখানে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাঈদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচিত হচ্ছেন।

এ ছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁও থেকে মির্জা ফয়সল আমীন, রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক হচ্ছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। চট্টগ্রাম বিভাগে দুই পদের বিপরীতে নির্বাচন করবেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দীন চৌধুরী ও শরীফুল ইসলাম। খুলনায়ও একই চিত্র। দুই পদের জন্য লড়বেন তিনজন।

শফিকুল আলমের সঙ্গে আছেন শান্তনু ইসলাম ও আব্দুছ সালাম। বরিশালে লড়াইটা হবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরীর মধ্যে। ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিরাজউদ্দিন মোঃ আলমগীর। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিও বিসিবির পরিচালক হচ্ছেন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে ১৮ জন। অর্থাৎ এই ক্যাটাগরিতে খানিকটা জমজমাট নির্বাচন হতে পারে। ক্লাব ক্যাটাগরিতে আবাহনী থেকে ফাহিম সিনহা নির্বাচন করছেন। বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল লড়াই করবেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে। আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স থেকে ইসরাফিল খসরু নির্বাচন করবেন।

এ ছাড়া ফেয়ার ফাইটার্স থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, মোহামেডান থেকে মাসুদজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জ লুৎফর রহমান, শাইনপুকুর আসিফ রব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাব ফায়াজুর রহমান, বসুন্ধরা রাইডার্স ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ঢাকা স্পার্টান্স থেকে সাবেক পরিচালক আমজাদ হোসেন।

একই ক্যাটাগরিতে ঢাকা ওয়ান্ডারার্স সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার শানিয়ান তানিম, তেজগাঁও ক্রিকেট একাডেমি সৈয়দ বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাব সাকিফ আহমেদ সালাম, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট মেজর ইমরোজ আহমেদ (অবঃ) এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্স থেকে নির্বাচন করবেন মাহমুদ উর রহমান।

আগামী ৭ জুন বিসিবিতে অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। যেখানে তিনটি ক্যাটাগরিতে নির্বাচন করতে যাওয়া ৩২ জনের মধ্য থেকে ২৩ জন নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগ থেকে ১০, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ এবং তিন নম্বর ক্যাটাগরি থেকে আসবেন একজন। নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক বিসিবিতে যুক্ত হবেন।

আরো পড়ুন: