শুধু উইকেট সংখ্যাই নয়, বোলিংয়ের ধারেও দেখা গেছে ভাটা। ২০১৫ সালের পর এই প্রথম আইপিএলে ওভারপ্রতি আটের বেশি রান দিয়েছেন বুমরাহ। তার ইকোনমি রেট এখন ৮.৩৬। এমন পারফরম্যান্স ঘিরে সমালোচনা যেমন হয়েছে, তেমনি প্রশ্নও উঠেছে তার শারীরিক অবস্থা ও প্রস্তুতি নিয়ে।
এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে, 'বিশ্বকাপ থেকে ফেরার পরও তার হালকা চোট ছিল, যা নিয়েই সে পুরো বিশ্বকাপ খেলেছিল। তাই ফেরার পর তাকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েছি। প্রথম চার-পাঁচটি ম্যাচ ছিল তার পুরোপুরি সেরে ওঠার একটি ধারাবাহিক প্রক্রিয়া, আর ওই কারণেই তার বোলিংয়ের গতি কিছুটা কম ছিল।'
যদিও সময়ের সঙ্গে শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়েছেন বুমরাহ, তবু মাঠে ফিরতে পারেননি নিজের পরিচিত ছন্দে। জয়াবর্ধনের মতে, দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াই করলে পরিকল্পনা বাস্তবায়নের ধারও কিছুটা কমে যায়।
'এখন সে পূর্ণ গতিতে বোলিং করছে। গত চার-পাঁচটি ম্যাচে ভালো করেছে। তবে কেউ যখন এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তখন পরিকল্পনা বাস্তবায়নের ধার কিছুটা কমে যায়; কারণ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চোটও সামলাতে হয়।'
বুমরাহর ব্যর্থতার প্রভাব পড়েছে দলীয় ফলেও। মুম্বাই ইন্ডিয়ান্স এবার ১৩ ম্যাচে জিতেছে মাত্র চারটি। প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়া দলটি এখন অবস্থান করছে পয়েন্ট তালিকার নবম স্থানে।