রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট উইকেটে ১৯৯ রানেই থামে পাঞ্জাবের ইনিংস। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। যদিও শেষ দিকে শশাঙ্ক সিং ও মার্কাস স্টইনিস লড়াইয়ের চেষ্টা করেছিলেন। তবে ম্যাচ জেতাতে পারেননি তারা।
ম্যাচ শেষে আইয়ার বলেন, 'ম্যাচের ফলাফল যা-ই হোক, আমি সব সময় ইতিবাচক থাকি। আমি মানুষটাই এ রকম। মানসিক ভাবে ভেঙে পড়ি না।'
তিনি আরও বলেন, 'আমি অতীত নিয়ে খুব একটা ভাবি না। যেটা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। কাল আবার সূর্যোদয় দেখতে যাব। অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাওয়া যাবেই।
পাঞ্জাব অধিনায়কের মতে, এই ম্যাচে বড় ব্যবধান তৈরি হয়েছে দ্বিতীয় ইনিংসের শুরুতেই। ১৯ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি। প্রিয়াংশ আরিয়া শুন্য, প্রভসিমরান সিং দুই এবং আইয়ার এক রানে ফিরে যান। পরে শশাঙ্ক সিংয়ের ২৭ বলে ৫৬ রানের ইনিংসেও ম্যাচে ফেরেনি দলটি।
আইয়ারের ভাষায়, '২২৩ রান তাড়া করা খুব কঠিন ছিল না। কিন্তু তার জন্য ভালো শুরু প্রয়োজন ছিল। প্রথম ছয় ওভারেই আমরা ম্যাচ থেকে পিছিয়ে যাই। তিনটি উইকেট পড়ে যায়। আগের ম্যাচগুলোতে প্রিয়াংশ ও প্রভসিমরান ভালো শুরু এনে দিত। এবার সেটা হয়নি।'
এক সময় মনে হচ্ছিল, বড় ব্যবধানে হারতে যাচ্ছে পাঞ্জাব। তবে শশাঙ্ক সিংহের লড়াকু অর্ধশতক ম্যাচে কিছুটা হলেও ফিরিয়ে আনে দলকে। তার প্রশংসা করে আইয়ার বলেন, 'শশাঙ্ক ও স্টইনিস যেভাবে খেলেছে, আর একজন যদি একইভাবে দায়িত্ব নিতে পারত, তাহলে হয়তো ফল অন্য রকম হতে পারত।'
১৩ ম্যাচ শেষে পাঞ্জাবের সংগ্রহ এখন ১৩ পয়েন্ট। সামনে আছে আর একটি ম্যাচ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে ১৫। তবুও শেষ চারে ওঠার আশা পুরোপুরি নিজেদের হাতে নেই।