পাঞ্জাব কিংসকে উড়িয়ে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ধর্মশালায় সেই ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন বেথেল। যার ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলা হয়নি বাঁহাতি ওপেনারের। ম্যাচ চলাকালীন আঙুলে টেপ পেঁচিয়ে ডাগ আউটে বসেছিলেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বেথেল। দেশে ফেরার পর ইংল্যান্ডের মেডিকেল দলের পর্যবেক্ষণে থাকবেন তিনি। লর্ডসে হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
টেস্টে ইংল্যান্ডের হয়ে তিনে ব্যাটিং করেন বেথেল। সবশেষ অ্যাশেজে সিডনিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে চলতি আইপিএলে সময়টা একেবারে ভালো হয়নি বাঁহাতি ব্যাটারের। বেঙ্গালুরুর হয়ে ৭ ইনিংসে মাত্র ৯৬ রান করেছেন বেথেল। ইংলিশ ব্যাটারের বিকল্প নেওয়া হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
ফিল সল্টের চোটে বেঙ্গালুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন বেথেল। চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সল্ট। যদিও ম্যাচ খেলা এখনো নিশ্চিত নয়। এদিকে হায়দরাবাদের বিপক্ষে বেথেলের পরিবর্তে বিরাট কোহলির সঙ্গে ওপেন করেছেন ভেঙ্কটেশ আইয়ার। ১৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছেন তিনি। পরের ম্যাচগুলোতেও ওপেনিংয়ে দেখা যেতে পারে আইয়ারকে।