বিগ ব্যাশের চাইতে বড় লেভেলের আর কিছু নেই: রিশাদ

বিগ ব্যাশ
রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন রিশাদ হোসেন। ম্যাচে তিন উইকেট নেয়ার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার সাম্প্রতিক বিগ ব্যাশ ও অস্ট্রেলিয়া অধ্যায়। প্রশ্নের শুরুতেই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কথাই বলতে হয়েছে এই লেগ স্পিনারকে।

এই ম্যাচে তার বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল খুব কম। বেশির ভাগ প্রশ্নই ঘুরে ফিরে গেছে বিগ ব্যাশ লিগকে কেন্দ্র করে। সেটি অস্বাভাবিকও নয়। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ফিরে এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন, যেখানে আগ্রহের জায়গায় স্বাভাবিকভাবেই ছিল বিদেশের অভিজ্ঞতা।

বিগ ব্যাশে খেলতে গিয়ে ভিন্ন কন্ডিশন ও পরিবেশের মুখোমুখি হওয়ার কথা তুলে ধরেন রিশাদ, 'আপনারা তো জানেন যে কন্ডিশন পুরো আলাদা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান। সেদিক থেকে বললে, পরিবেশ থেকে শুরু করে সবকিছু, খেলার যে পরিবেশ, ওইটা ভিন্ন লেভেলের আর কী।'

এর আগে একবার হোবার্ট হারিকেন্সে ডাক পেলেও বিপিএলের কারণে খেলতে পারেননি তিনি। তবে এবার বিপিএল বাদ দিয়েই পুরো মৌসুম খেলেছেন সেই দলে। পাকিস্তান সুপার লিগ খেলার অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে। রিশাদের ভাষায়, 'আমার মনে হয়, এর (বিগ ব্যাশ) চেয়ে বড় লেভেল আর নেই আর কী।'

বিগ ব্যাশে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। ব্রেট লি, রিকি পন্টিং কিংবা স্টিভেন স্মিথদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতার কথাও জানান তিনি। রিশাদ বলেন, 'আসলে ছবি তুলতে চাইনি। আমি বোলিং করতেছিলাম, উনারা ডাকছিলেন। ওরা অনেক অনেক ফ্রেন্ডলি এবং অনেক অনেক কিছু ওদের কাছ থেকে শেখার আছে।'

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিনয়ী আচরণ তাকে মুগ্ধ করেছে বলে জানান এই লেগ স্পিনার। তার কথায়, 'আমার কাছে মনে হয় যে ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সাদা, সরল। মানে যে কারও সঙ্গে সহজে মানিয়ে নেয় আর কী। আমার কাছে এটা ভালো লাগছে যে, বড়-ছোট কোনো কিছু দেখে না। আমি চেষ্টা করব এরকম থাকতে।'

রিশাদের বোলিং পারফরম্যান্স অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ক্রিকেট নিয়েও আগ্রহ তৈরি করেছে। সেখানকার ক্রিকেটারদের প্রশ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, 'ওরা জিজ্ঞেস করছিল যে, 'বাংলাদেশের তো অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, ওরা বাইরে খেলে না কেন?’ আমি বলেছি, সুযোগ এলেই খেলবে। ওরা অনেক আগ্রহী, যদি ওই সুযোগটা দিতে পারে আর কী।'

দেশে ফিরে প্রথম ম্যাচেই সফল রিশাদ এখন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। অথচ একটা সময় ম্যাচ খেলার সুযোগই ছিল না তার। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, 'আসলে যখন খেলতে পারতাম না, তখন সময় আমার জন্য একটা শিক্ষণীয় ছিল। ওই সময়টা আমি অনেক কিছুর অভিজ্ঞতা নিতে পেরেছি। আমার মনে হয় যে, ওটা আমার জন্য সবচেয়ে সেরা সময় ছিল যে অভিজ্ঞতাগুলো নিতে পেরেছি এবং নিজেকে গড়ে তুলতে পেরেছি।'

আরো পড়ুন: