এই ঘটনার জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। তবে এরই মধ্যে মুস্তাফিজ পেয়েছে সুখবর। তাকে দলে ভিড়িয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি এক ফেসবুক পোস্টের মাধ্যমকে বাংলাদেশের এই পেসারকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে।
জানা গেছে মুস্তাফিজের সঙ্গে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। এর আগে ২০১৭–১৮ মৌসুমেও পিএসএলে লাহোরের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। এই পেসারকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত লাহোরের কর্ণধার সামিন রানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'নিশ্চয়ই, পাকিস্তান সুপার লিগ এবং সামগ্রিকভাবে বিশ্ব ক্রিকেটের জন্য এটি একটি বড় নাম। তাকে আমাদের দলে নেওয়া সত্যিই সম্মানের। তার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। প্রায় দশ বছর আগে, যখন পিএসএল শুরু হয়েছিল, তখন আমার স্পষ্ট মনে আছে—গোল্ড ক্যাটাগরি থেকে লাহোরের প্রথম পছন্দ ছিল মুস্তাফিজুর রহমান। দুর্ভাগ্যজনকভাবে, তখন তার এনওসি সংক্রান্ত কিছু জটিলতার কারণে তিনি আসতে পারেননি। তবে দুই বছর পর তিনি এসেছিলেন, এবং তাকে দলে পেয়ে আমরা দারুণভাবে উপভোগ করেছি।'
পিএসএলের গত আসরে লাহোরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। এবার মুস্তাফিজের মতো তারকাকে দলে ভিড়িয়ে বাংলাদেশের দর্শকদের আরও প্রিয় দল হয়ে উঠেছে লাহোর। একই দলের হয়ে পিএসএলে খেলেন তারকা পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদিও। এবার মুস্তাফিজ-আফ্রিদি জুটি দেখার জন্য তর সইছে না সামিন রানারও।
তিনি যোগ করেন, 'আমরা দলের ঘাটতিগুলো দেখেছি—কোথায় তাকে সবচেয়ে ভালোভাবে মানানো যায়। সেই হিসেবে ফিজ ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক পারফরম্যান্সের প্রেক্ষাপটে, মাঝের ওভারগুলোতে শাহীন আফ্রিদি ও ফিজকে একসঙ্গে বোলিং করতে দেখার জন্য আমি ভীষণ রোমাঞ্চিত।'
মুস্তাফিজের প্রশংসা করে সামিন রানা আরও বলেন, 'এখন তিনি বিশ্বজুড়ে অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন। আমার মনে হয়, লাহোরের জন্য এটা সৌভাগ্যের যে মুস্তাফিজুর রহমানের মতো একজন খেলোয়াড় এবার পাওয়া যাচ্ছে। আমরা যখন রিটেনশন প্রক্রিয়া সম্পন্ন করি এবং মুস্তাফিজও খেলার জন্য উন্মুক্ত ছিল, তখন তাকেও নেওয়ার ইচ্ছা আমাদের ছিল।'