নাহিদ-শরিফুলের দুর্দান্ত বোলিং, লিটনের ফিফটিতে জিতল নর্থ জোন

বিসিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নাহিদ রানা এবং শরিফুল ইসলামের অসাধারণ বোলিংয়ের পর লিটন দাসের হাফ সেঞ্চুরিতে সাউথ জোনকে ছয় উইকেটে হারিয়েছে নর্থ জোন। মৌসুমে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। দারুণ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আছে দলটি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সাউথ জোনের। মাত্র ১৯ রানের মধ্যে চার উইকেট পড়ে যায় দলটির। শুরুতেই রানের খাতা খোলার আগে শরিফুল ইসলামের বলে বিদায় নেন আনিসুল ইসলাম। জাওয়াদ আবরারও সুবিধা করতে পারেননি। চার রান করা এই ব্যাটারকে ফিরিয়ে দেন নাহিদ রানা। তার বলে খোঁচা মেরে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরে যান জাওয়াদ।

টানা দুই ওভারে দুই উইকেট পড়ার পর তৃতীয় ওভারে সৌম্য সরকারও ফিরে যান। শরিফুলের বলে ফেরার আগে ৯ রান করেন তিনি। চতুর্থ ওভারের শেষ বলে ফিরে যান আফিফ হোসেন ধ্রুবও (৪)। তারপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান। ২৪ রান করা অধিনায়ক সোহানকে বোল্ড করে এই জুটি ভাঙেন নাহিদ রানা।

তারপর ৫১ রানের জুটি গড়েন মিঠুন এবং রবিউল হক। এই জুটি ভাঙেন এস এম মেহরব। ২৯ রান করা রবিউলকে বোল্ড করেন তিনি। তারপর আবারও উইকেত হারাতে শুরু করে সাউথ জোন। মিঠুন একদিকে লড়াই করে ৭৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। দলটি থামে ৩০.৫ ওভারে ১৪৪ রানে। নর্থ জোনের হয়ে তিনটি করে উইকেট নেন নাহিদ এবং মেহরব। দুটি করে উইকেট নেন শরিফুল এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।

লক্ষ্য তাড়া করতে নেমে হাবিবুর রহমান সোহানের ব্যাটে আগ্রাসী সূচনা পায় নর্থ জোন। যদিও তৃতীয় ওভারের প্রথম বলে তাকে ফেরান মুস্তাফিজুর রহমান। ১৪ রানে সোহান বিদায় নেয়ার এক বল পরই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক সোহানকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

৩৭ রানের মধ্যে তানজিদ হাসান তামিমের উইকেটও হারায় নর্থ জোন। মুস্তাফিজের দারুণ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ১৮ রান করা তানজিদ। তারপর লিটন দাস এবং তাওহীদ হৃদয়ের ব্যাটে এগিয়ে যায় দলটি। দুজন গড়েন ৮০ রানের জুটি। এই জুটি ভাঙেন রবিউল হক। ৩৩ রান করে ফিরে যান হৃদয়। তারপর আর উইকেট পড়তে দেননি লিটন-আকবর আলী জুটি।

৬৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন লিটন। ২২ বলে ১৯ রান করেন আকবর আলী। ২৫.৪ ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুজন। সাউথ জোনের হয়ে ২৩ রানে তিন উইকেট নেন মুস্তাফিজ।

আরো পড়ুন: