গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে। তবে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলটির বোলাররা ছিলেন বেশ খরুচে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৫৪ রান তোলে ক্যারিবিয়ানরা।
এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই ম্যাচে ১০৭ রানের বড় ব্যবধানে হারে জিম্বাবুয়ে। যদিও ভারতের বিপক্ষে বোলিং নিয়ে আশাবাদী দলটি। ম্যাচের আগের দিন এমনটাই জানালেন রায়ান বার্ল।
এই অলরাউন্ডার বলেন, 'আমাদের কাছে অনেক বিকল্প আছে, আর এটা সম্ভবত জিম্বাবুয়ে বোলিং লাইনআপের একটি সুবিধা। আমাদের একজন বাঁহাতি পেসার আছে, একজন ডানহাতি পেসার আছে, আমাদের কয়েক জন লেগ স্পিনার আছে, একজন অফ স্পিনার আছে, একজন বাঁহাতি স্পিনার আছে।'
বোলিং বৈচিত্র্যই তাদের শক্তি বলেও মনে করেন তিনি, 'তাই আমাদের দলে গভীরতা অনেক। আমার মনে হয়, লড়াইটা কেমন হবে, সেটা নির্ভর করবে ওই সময়ে মাঠে থাকা ব্যাটসম্যান এবং আমরা কোন কম্বিনেশন নিয়ে খেলছি, তার ওপর।'
জিম্বাবুয়ের পেস আক্রমণে আছেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভার মতো দীর্ঘদেহী বোলাররা। স্পিন বিভাগে গ্রায়েম ক্রিমার, সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা, সব মিলিয়ে প্রায় সব ধরনের বিকল্পই রয়েছে তাদের হাতে। চেন্নাইয়ের কালো মাটির উইকেট বিবেচনায় রেখে সেরা সমন্বয় খুঁজছে টিম ম্যানেজমেন্ট।
এখন পর্যন্ত চার ইনিংসে ১১ উইকেট নিয়েছেন মুজারাবানি। চোট কাটিয়ে ফিরে এমন পারফরম্যান্সে তাকে প্রশংসা করেছেন বার্ল, 'আমি বলতে চাইছি ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতা ওকে সহায়তা করে। ব্লেসিংকে তার প্রাপ্তির চেয়ে অনেক বেশি কৃতিত্ব দিতে হবে, কারণ এই টুর্নামেন্টের আগে প্রায় চার থেকে ছয় মাস মাঠের বাইরে ছিল সে। বল হাতে তার সাফল্য অসাধারণ।'