সেমিফাইনালে উঠতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সামনে যে সমীকরণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এসে আবারও শুরু হলো দলগুলোর সেমিফাইনালে ওঠার হিসাব–নিকাশ। ‘গ্রুপ ২’ তে ইতোমধ্যেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অপরদিকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট কে হবে, সেটি নির্ধারণে এখনও অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত।

শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এখন লড়াই সীমাবদ্ধ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে। শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের জয়ে আপাতত এগিয়ে আছে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে কিউইদের। তখন পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবেও শেষ করবে তারা এবং সেমিফাইনালে খেলবে ‘গ্রুপ ১’-এর রানার্সআপের বিপক্ষে। পাশাপাশি নিশ্চিত হবে, দুটি সেমিফাইনালই হবে ভারতে।

তবে ইংল্যান্ড জিতলে সমীকরণ ঘুরে যাবে। সে ক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড, আর পাকিস্তানের সামনে খুলে যাবে সুযোগ। কিন্তু রান রেটের ব্যবধানে এগোতে হলে বড় ব্যবধানে জয় প্রয়োজন হবে দলটির।

ধরা যাক, ইংল্যান্ড যদি ১৮০ রান করে নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায়, তাহলে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৪০ রানে জিততে হবে (১৮০ রান ধরে)। অর্থাৎ দুই ম্যাচের ব্যবধান মিলিয়ে প্রায় ৭০ রানের সমতুল্য পার্থক্য গড়তে হবে তাদের।

আবার যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করে ১৫০ রান তোলে এবং ইংল্যান্ড সেই লক্ষ্য ১৭ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলে, তাহলে পাকিস্তানকে একই লক্ষ্য ১৪.৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে। তবেই রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পারবে তারা।

গ্রুপ ২-এর এই দুটি ম্যাচ শুধু দ্বিতীয় সেমিফাইনালিস্টই নির্ধারণ করবে না, ঠিক করবে প্রথম সেমিফাইনালের ভেন্যুও। নিউজিল্যান্ড উঠলে প্রথম সেমিফাইনাল হবে ভারতের কলকাতায়, আর পাকিস্তান উঠলে সেটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।

আরো পড়ুন: