পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ক্যারিয়ারসেরা অবস্থানে মুশফিক-তাইজুল

আইসিসি র‍্যাঙ্কিং
মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম, ফাইল ফটো
মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা র‍্যান্কিং সাত নম্বরে আছে বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যান্কিংয়ে বড় লাফ দিয়েছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিক। দারুণ বোলিং করে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন স্পিনার তাইজুল ইসলামও।

দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম। চার ইনিংসে সর্বোচ্চ ২৫৯ রান করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন মুশফিক। এর আগে মুশফিকের ক্যারিয়ার সেরা অবস্থান ছিল ১৭।

শুধু মুশফিকই নন, বাংলাদেশের আরেক ডানহাতি ব্যাটার লিটন দাসও বড় লাফ দিয়েছেন সবশেষ র‍্যাঙ্কিংয়ে। সিরিজে ২৩৯ রান করার সুবাদে তিনি ১৪ ধাপ এগিয়ে এখন ২৪তম স্থানে আছেন লিটন।

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সুখবর আছে বোলারদের র‍্যান্কিংয়েও। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক তাইজুল দুই ধাপ এগিয়ে ১১ তম স্থানে উঠে এসেছেন। ক্যারিয়ার সেরা এই অবস্থানে তাইজুলের রেটিং পয়েন্ট ৭৩২। এর আগে ১৩ নম্বর অবস্থানে ছিলেন এই বাঁহাতি। সেটিও তার ক্যারিয়ার সেরা র‍্যান্কিং ছিল।

‎শুধু বোলিং র‍্যান্কিং নয়, সিলেট টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে দারুণ অবদান রেখে অলরাউন্ডার র‍্যান্কিংয়েও উন্নতি হয়েছে তাইজুলের। তিন ধাপ এগিয়ে টেস্ট অলরাউন্ডারের র‍্যান্কিংয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন তিনি।

‎বোলারদের মধ্যে উন্নতি করেছেন গতি তারকা নাহিদ রানা ও অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ১০ ধাপ এগিয়ে ৫৪ তম স্থানে উঠে এসেছেন গতি দিয়ে পাকিস্তানিদের নাস্তানাবুদ করা নাহিদ। এদিকে দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসছেন মিরাজ।

‎তবে, কিছুটা অবনতি হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর র‍্যান্কিংয়ে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই ব্যাটার দ্বিতীয় টেস্টে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। যার কারণে সাত ধাপ নেমে ৩০ নম্বরে অবস্থান করছেন এই ব্যাটার।

আরো পড়ুন: