নির্বাচনের পর পরিচালনা পর্ষদের প্রথম সভায় সভাপতি নির্বাচিত হন তামিম। সেখানেই সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ফাহিম সিনহা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুযায়ী দুজন সহ-সভাপতি নির্বাচনের সুযোগ থাকলেও বেছে নেয়া হয়েছে একজনকেই।
এর কারণ হিসেবে তামিম ইকবাল জানিয়েছেন আপাতত তারা এক জনকেই সহ-সভাপতি করেছেন। তবে প্রয়োজনে আরেকজনকে যুক্ত করা হবে। বোর্ডের সবাই একজন সহ-সভাপতি রাখার পক্ষে মত দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তামিম।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'আপনি কি চিন্তা করেন বা আমি কি চিন্তা করি এটা ম্যাটার করে না। বোর্ড মনে করেছে যে এখন আপাতত একজন থাকতে হবে। আর বোর্ডের প্রত্যেকটা মানুষ এটার জন্য হাত তুলে জিনিসটাকে সমর্থন দিয়েছে। তাই আমি কি চিন্তা করি আর আপনি কি চিন্তা করেন এটা আসলেই কোনো বিষয় না।'
ভবিষ্যতে আরেকজন সহ-সভাপতি নেয়ার সম্ভাবনার কথা জানিয়ে তামিম যোগ করেন, 'এটার মানে না যে আমরা ভবিষ্যতে আরেকজন নিব না। ওটা ক্যাটাগরি টু থেকেও হইতে পারে, ক্যাটাগরি থ্রি থেকেও হইতে পারে, যেকোনো ক্যাটাগরি থেকেই হইতে পারে। যদি ওটা প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই নিব।'
এর আগে তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটিতেও ছিলেন ফাহিম। এবার তামিমের বোর্ডের গুরুত্বপূর্ণ পদ পেলেন আবাহনী লিমিটেডের পক্ষ থেকে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই ক্রীড়া সংগঠক।