নাহিদ-রিশাদের প্রশংসায় ইংলিস, বাংলাদেশকেও সমীহ করছে অজিরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
জস ইংলিস ও মেহেদী হাসান মিরাজ
জস ইংলিস ও মেহেদী হাসান মিরাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া দল এখন ঢাকায়। রবিবার থেকে শুরু হয়েছে তাদের প্রস্তুতিও। তবে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগে নিজেদের স্কোয়াডে ৩টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না মিচেল মার্শ ও ট্রাভিড হেডের। পাশাপাশি তানভির সাঙ্গাকেও দেখা যাবে না এই সিরিজে।

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জস ইংলিস মনে করেন এটা অজি দলের জন্য বড় ধাক্কা। তবে তরুণ যারা আছেন তারা দলের জন্য তারাও এই সিরিজে পারফরম্যান্স করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন ইংলিস। তার মতে সামনেই বিশ্বকাপ তাই ভিন্ন কম্বিনেশন ও ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের পরখ করে নেয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। সেই ভাবনাটাও মাথায় আছে অজিদের।

এ প্রসঙ্গে ইংলিস বলেন, 'যখনই আপনি মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের মতো খেলোয়াড়দের দল থেকে বাদ দেবেন, তখন আপনি কিছু একটা মিস করবেন। তারা দুজনেই অবিশ্বাস্য রকমের ভালো খেলোয়াড়। এবং এটি দুর্ভাগ্যজনক যে তারা এখানে নেই। তবে একইভাবে পাকিস্তানের বিপক্ষে আমাদের যে সিরিজটি ছিল, আমার মনে হয় তরুণ খেলোয়াড়দের জন্য এই কন্ডিশনে কিছু অভিজ্ঞতা অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই সামনে ওয়ার্ল্ড কাপও রয়েছে। তার আগে কিছু আলাদা কম্বিনেশন এবং কিছু আলাদা খেলোয়াড়দের দেখে নেওয়াটা, আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ।'

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে বড় পার্থক্য গড়ে দিয়েছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভয়ঙ্কর হতে পারেন এই পেসার। ইংলিস নাহিদকে খুব বেশি কাছ থেকে দেখার সুযোগ পাননি। তবে যতটুকুই দেখেছেন তার মনে হয়েছে নাহিদ বেশ ভালো মানের বোলার। তার বিপক্ষে খেলা কঠিন হবে সেটাও আগেই স্বীকার করে নিয়েছেন অজি অধিনায়ক।

তিনি যোগ করেন, 'আমি তাকে খুব বেশি বল করতে দেখিনি। তবে যতটুকু দেখেছি, তাকে একজন সত্যিই খুব ভালো বোলার মনে হয়েছে এবং সে খুবই এক্সাইটিং একজন প্রসপেক্ট। সে লম্বা এবং জোরে বল করতে পারে। সো, এটি থাকার জন্য বেশ ভালো একটি কম্বিনেশন। হ্যাঁ, এই সিরিজে সে আমাদের জন্য বেশ কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে আলোচনা হচ্ছে রিশাদ হোসেনকে নিয়েও। বাংলাদেশের এই লেগ স্পিনার বিগ ব্যাশে দারুণ এক মৌসুম কাটিয়ে এসেছেন। অজি ক্রিকেটারদের কাছেও রিশাদ বেশ পরিচিত। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সে রিশাদের সঙ্গে খেলেছেন ম্যাথু ওয়েড ও নাথান এলিস। তাদের কাছ থেকে রিশাদের ব্যাপারে ধারণা নেবেন বলে জানিয়েছেন ইংলিস।

তিনি যোগ করেন, 'ও খুবই ভালো একজন বোলার। ও বিগ ব্যাশে প্রচুর খেলেছে, তাই আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় ওকে খুব কাছ থেকে দেখেছে। ম্যাথু ওয়েড আমাদের স্টাফদের সাথে আছেন, নাথান এলিস—ওরা হোবার্ট-এ ওর সাথে অনেক খেলেছে। তাই হ্যাঁ, নিশ্চিতভাবেই ওকে নিয়ে আমাদের মাঝে আলোচনা হবে।'

আরো পড়ুন: