মার্শ-হেডদের ছাড়াই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী, দাবি মিরাজের

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দীর্ঘ দেড় দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। ২০২৭ সাউথ আফ্রিকা বিশ্বকাপও দরজায় কড়া নাড়ছে। সব মিলিয়ে বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে সবশেষ তিনটি সিরিজ জেতা মেহেদী হাসান মিরাজের দলের জন্য অবশ্য সিরিজ শুরুর আগে স্বস্তির বার্তা হিসেবে এসেছে অজিদের দুই সেরা পারফর্মার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের না থাকা। তবে অধিনায়ক মিরাজ 'মাইটি' অজিদের হাল্কাভাবে নিতে নারাজ। মার্শ-হেডদের ছাড়াই যে অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী সে কথা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

গত সাপ্তাহেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরে সরাসরি বাংলাদেশে এসেছে অজিরা। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়কত্ব করার কথা ছিল মার্শের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজেও নেতৃত্বে থাকছেন পাকিস্তান সিরিজে অজিদের সেরা ব্যাটার জশ ইংলিশ। এদিকে আইপিএল মৌসুম শেষ হবার পর বাড়তি বিশ্রামের জন্য বাংলাদেশ সিরিজেও খেলছেন না হেড।

‎সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'আমরা সবাই অনেক রোমাঞ্চিত যে লম্বা সময় পর আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি এবং অধিনায়ক হিসেবে আমিও অনেক রোমাঞ্চিত। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে এবং আমরা যদি ভালো জায়গায় ভালো শুরুটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। কারণ প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।'

মার্শ ও হেড না থাকা প্রসঙ্গে মিরাজ বলেন, 'গতকাল আমরা নিশ্চিত হয়েছি যে মার্শ ও হেড আসতে পারছে না। তারপরও আমরা দল হিসেবে মনে করছি যে ওরা যে দল নিয়ে এসেছে, অবশ্যই সেটি অনেক ভালো এবং শক্তিশালী। আমার মনে হয়, আমরা আমাদের ভূমিকা পালন করার চেষ্টা করব। আমরা ওদের নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের জায়গা থেকে সেরাটা দেবার চেষ্টা করব।'

এ বছর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে স্পোর্টিং উইকেটে খেলেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এদিকে সদ্য সমাপ্ত সিরিজে স্পিন সহায়ক উইকেট বানিয়ে অজিদের নাস্তানাবুদ করেছে পাকিস্তান। তাই বাংলাদেশও পাকিস্তানের দেখানো পথেই হাঁটবে কিনা সেই আলোচনাও হচ্ছে। তবে, পাকিস্তানের মত ধীর গতির উইকেট না বানিয়ে আগের সিরিজগুলোর মত স্পোর্টিং উইকেটেরই প্রত্যাশা মিরাজের।

মিরাজ বলেন, 'সবাই মনে করে যে,মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি। এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা লাস্ট দুই-তিনটা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটের উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য।'

এ প্রসঙ্গে মিরাজ যোগ করেন, 'ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং আমরা জানি এই উইকেটটা সম্পর্কে এবং আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, বোলাররা যেভাবে বোলিং করছে লাস্ট দুই-তিনটা সিরিজ এবং ব্যাটসম্যানরাও রান করছে, আমার কাছে মনে হয় যে দুইটার কম্বিনেশন যদি ভালো থাকে, অবশ্যই আমরা ফলাফল আনতে পারব।'

আরো পড়ুন: