মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি বোলিং অলরাউন্ডার: মিরাজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
গণমাধ্যমে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চার বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের দলে জায়গা পাওয়া এই অলরাউন্ডারের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা ছিল আগে থেকেই। কারণ একসময় তার জাতীয় দলে ফেরা নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অস্ট্রেলিয়া সিরিজে দলে তার ভূমিকা স্পষ্ট করলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ঢাকার ক্লাব ক্রিকেটে বরাবরই পারফর্ম করেন মোসাদ্দেক। ডিপিএলের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের হয়ে ৪৮.৭০ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ৪৮৭ রান করেছিলেন তিনি। ডানহাতি স্পিনে নিয়েছিলেন ৩০ উইকেট। এমন পারফরম্যান্সের পর ধারণা করা হচ্ছিল শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক পাবেন মোসাদ্দেক। তবে সেই সময় তাকে দলে রাখেনি তৎকালীন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

উল্টো দলে না রাখার ব্যাখ্যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন, যত দিন মেহেদী হাসান মিরাজ দলে আছেন, তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। যার ফলে অলরাউন্ড পারফর্ম করেও জাতীয় দলের দরজা খুলেনি মোসাদ্দেকের জন্য। চলতি বছর নিউজিল্যান্ড সিরিজেও ডাক পাওয়ার কথা ছিল তার। এমনকি বিসিএল বাদ দিয়ে তাকে ঢাকায়ও ডেকে আনা হয়।

যদিও শেষ ম্যাচের স্কোয়াডে যুক্ত করা হয়নি তাকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়া সিরিজের আগে সংবাদ সম্মেলনে মিরাজ জানিয়েছেন, মোসাদ্দেকের সঙ্গে একই দলে খেলাকে তিনি কোনো বিশেষ বিষয় হিসেবে দেখছেন না।

মিরাজ বলেন, 'আমি আর মোসাদ্দেক বাংলাদেশ দলে অনেক দিন একসঙ্গে খেলেছি। ২০১৯ সালের বিশ্বকাপেও আমরা একসঙ্গে ছিলাম। আমার মনে হয় না এটা কোনো আলাদা ইস্যু হবে। মোসাদ্দেক তার ভূমিকা রাখবে, আমি আমারটা।'

মোসাদ্দেক ও মিরাজ দুজনই ডানহাতি ব্যাটসম্যান এবং অফ স্পিনে বল করেন। তবে নিজেদের দায়িত্বের জায়গা আলাদা বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক। জাতীয় দলের হয়ে এর আগে ২৭টি একদিনের ম্যাচে একসঙ্গে খেলেছেন তারা।

দুজনের ভূমিকার পার্থক্য ব্যাখ্যা করে মিরাজ বলেন, 'মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি বোলিং অলরাউন্ডার। দুজনের ভূমিকা আলাদা। আমার কাছে মনে হয় ও যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য বড় সাহায্য হবে।'

জাতীয় দলে ফেরার সময়টাতে বেশ ছন্দেই আছেন মোসাদ্দেক। আবাহনীর হয়ে এখনো পর্যন্ত সাত ইনিংসে ৩৩৬ রান করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বল হাতে নিয়েছেন ১২ উইকেট। ব্যাট ও বল- দুই বিভাগেই তার অবদান নতুন নির্বাচক প্যানেলের নজর কাড়তে সক্ষম হয়েছে।

মোসাদ্দেককে দলে ফেরানোর সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করেন মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ঘরোয়া ক্রিকেটে ও অনেক বছর ধরে পারফর্ম করছে এবং খুব ভালো ক্রিকেট খেলছে। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় ওকে দলে নেওয়ার। আমরা যে জায়গাটা নিয়ে ভাবছি, সেখানে ও ভালো করতে পারলে দলের জন্য সেটা অনেক উপকার হবে।'

আরো পড়ুন: