মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। সাম্প্রতিক পাকিস্তান সফরেও দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে মার্শকে পাওয়া যেতে পারে বলে আশাবাদী নির্বাচকরা।
হেড ও মার্শের জায়গায় দলে রাখা হয়েছে ম্যাথু শর্ট ও অলিভার পিককে। পাকিস্তান সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও দুজনকেই বাংলাদেশ সফরের জন্য রেখে দেয়া হয়েছে।
নির্বাচক টনি ডডেমেইড বলেন, 'ট্রাভিসকে শুরুতে বাংলাদেশ সফরের দুই সিরিজের জন্যই বিবেচনা করা হয়েছিল। তবে সামনে ব্যস্ত সূচি থাকায় তাকে অতিরিক্ত বিশ্রাম দেয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাকে আবার দলে দেখতে মুখিয়ে আছি।'
ওয়ানডে দলে পরিবর্তন এসেছে আরও একটি জায়গায়। ঊরুর পেছনের পেশিতে চোট পাওয়ায় লেগ স্পিনার তানভির সাঙ্ঘা এই সিরিজ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন অফ স্পিনার টড মার্ফি, যিনি সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেন।
আইপিএল শেষে পাকিস্তান সফরে ফেরার কথা ছিল মার্শের। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের জায়গায় নেতৃত্বও দেয়ার কথা ছিল তার। কিন্তু গোড়ালির চোটে শেষ মুহূর্তে ছিটকে যান তিনি। ফলে সেই সফরের মতো বাংলাদেশের বিপক্ষেও ওয়ানডে সিরিজে দলের দায়িত্ব কাঁধে তুলবেন ইংলিস।
বাংলাদেশ সফরের জন্য আগেই দলে যোগ দিয়েছেন দুই পেসার বেন ডোয়ারশুইস ও জেভিয়ার বার্টলেট। ওয়ানডে দলে নেই বিলি স্ট্যানলেক ও রাইলি মেরেডিথ। তবে মেরেডিথ টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের সঙ্গেই থাকছেন।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অলিভার পিক, ম্যাথু কুহনেমান, মার্নাস ল্যাবুশেন, ম্যাট রেনশ, টড মার্ফি, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা।