গত দুই মৌসুমে আইপিএল এবং বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফলই জাতীয় দলে ডাক পাওয়া। বিশেষ করে ২০২৫ সালের আইপিএলে ৩৫ বলে শতক করে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি।
সদ্য শেষ হওয়া আইপিএলে আরও ভয়ংকর রূপে দেখা গেছে এই তরুণকে। ১৫ ইনিংসে ৭৭৬ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। একটি শতক, তিনটি নব্বই পেরোনো ইনিংস এবং দুটি অর্ধশতকে সাজানো ছিল তার টুর্নামেন্ট। পুরো আসরে তার স্ট্রাইক রেট ছিল ২৩৭-এর বেশি।
সম্প্রতি রাজস্থান রয়্যালসকে দেয়া এক সাক্ষাৎকারে সূর্যবংশী জানিয়েছেন, তিনি শুধু দীর্ঘ সময় ক্রিকেট খেলতে চান না, এমন কিছু করতে চান যা মানুষের মনে থেকে যাবে। তার ভাষায়, 'আগামী ২০ বছর, সৃষ্টিকর্তা যতদিন আমাকে দেশের জার্সিতে কিংবা অন্য কোনো দলের হয়ে খেলার সুযোগ দেবেন, আমি এমনভাবে খেলতে চাই যেন মানুষ তা মনে রাখে।'
সূর্যবংশীর ব্যাটে চার থেকেও বেশি এসেছে ছক্কা। ৬৩টি চারের বিপরীতে তিনি মেরেছেন ৭২টি ছক্কা। এতে ভেঙে গেছে এক আসরে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ড। আসর শেষে ব্যক্তিগতভাবে জিতেছেন পাঁচটি পুরস্কারও।
নিজের লক্ষ্য সম্পর্কে সূর্যবংশী বলেন, 'মানুষ যখন কোনো ম্যাচের কথা ভাববে, তারা যেন বলে- এই খেলোয়াড় যখন খেলত, সে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারত।'
তিনি আরও বলেন, 'শুধু খেলে ফিরে আসতে চাই না। আগামী ১০ থেকে ২০ বছর রাজত্ব করতে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই। ক্রিকেট শুরু করেছিলাম কারণ এটি উপভোগ করি। তাই উপভোগের সঙ্গে ভালো খেলেই এগিয়ে যেতে চাই।'