২০২৭ বিশ্বকাপে খেলতে চান মোসাদ্দেক

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
মোসাদ্দেক হোসেন সৈকত
মোসাদ্দেক হোসেন সৈকত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইতিহাসে কখনও বৈশ্বিক শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ জাতীয় দল। ক্যাবিনেটে আছে একটিমাত্র বহুজাতিক সিরিজের শিরোপা। ২০১৯ সালে আয়ারল্যান্ডের মাটিতে সেই ত্রিদেশীয় সিরিজ জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ফাইনালে ২৭ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে শিরোপা জেতানো এই অলরাউন্ডার দীর্ঘ চার বছর পর ফিরেছেন জাতীয় দলে। দলে ফেরাটা স্মরণীয় করে একবছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপেও দারুণ কিছু করতে চান দুর্দান্ত ফর্মে থাকা মোসাদ্দেক।

গত বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অন্যতম সেরা পারফর্মার মোসাদ্দেক। গত ডিপিএলে জিতেছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরষ্কারও। ব্যাট, বল, অধিনায়কত্ব- তিন ভূমিকাতেই সফল মোসাদ্দেক এবারের ডিপিএলেও আছেন দারুণ ছন্দে। পারফর্ম্যান্সের জোরে অনেকটা জাতীয় দলে নিজের জায়গা আদায় করে নেওয়া এই অলরাউন্ডার চান এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপের মত বড় মঞ্চেও জায়গা করে নিতে।

সাংবাদিকদের সাথে আলাপকালে এই অলরাউন্ডার বলেন, ২০২৭ বিশ্বকাপ খেলতে পারলে অবশ্যই অনেক খুশি হব এবং সেটা যদি আমার অর্জন করতে হয়, তার আগের যে সিরিজগুলা আছে সেখানে আমার সুযোগ আসলে আমাকে ভালো খেলতে হবে। সেটা যখন আমি ভালো খেলতে পারব, ওই সময়ে আমি আশা করতে পারি যে, ২০২৭ বিশ্বকাপ আমার জন্য একটা সোনালি সুযোগ অপেক্ষা করতেছে।'

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো খেলতে থাকা প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, 'ভালো খেললে আপনি নির্বাচকদের ভালো নজরে আসতে পারেন। এইটা ছাড়া তো আমাদের অন্য কোনো উপায় নাই। আমি চেষ্টা করতেছিলাম যত ধারাবাহিক খেলা যায় এবং যত সময় ধরে ধারাবাহিক খেলা যায় আরকি। আমার মনে হয় যে সেইটার ভালো করার পরেই এই সুযোগটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইব যতদিন আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি জাতীয় দলের জন্যই খেলতে পারি।'

‘যত দিন মেহেদী হাসান মিরাজ দলে আছেন, তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।’ মোসাদ্দেককে জাতীয় দলে না রাখার ব্যাখ্যায় গত বছর এমন মন্তব্য করেছিলেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পরে অবশ্য মোসাদ্দেকের কাছে ক্ষমাও চেয়েছিলেন লিপু। নতুন নির্বাচক প্যানেলের অধীনে জাতীয় দলে ফিরলেও বাস্তবতা অনেকটা একই আছে জাতীয় দলে।

মোসাদ্দেকের মত অনেকটা একই ভূমিকায় খেলেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাই একাদশে জায়গা পাওয়াটা এখনও কঠিন মোসাদ্দেকের জন্য। বাস্তবতা মেনে নিচ্ছেন মোসাদ্দেক। তবে, দীর্ঘদিন পর সুযোগ যেহেতু এসেছে তাই সেই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচক প্যানেলসহ সকলের আস্থার প্রতিদান দিতে পারবেন বলে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, 'এটা তো আমি এর আগেও পরিষ্কার করেছি যে, একটা সময় থেকে শুরু করে আমরা অনেকদিন, একসাথে তিন-চারজন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ দলে। আমি আসলে বিষয়টা নিয়ে একটু হতাশ ছিলাম, স্বাভাবিকভাবেই এটা যে কারও বেলায় হবে। অবশেষে এখন যখন সে সুযোগটা আসছে, আমি অবশ্যই চেষ্টা করব আমার নির্বাচক থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে করে আমার ওপর আস্থা রেখেছে সেটার প্রতিদান দেওয়ার।'

আরো পড়ুন: