একই টেস্টে লাল ও গোলাপি বল ব্যবহারের কথা ভাবছে আইসিসি

আইসিসি
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লাল বল এবং সাদা পোশাক— টেস্ট ক্রিকেটকে পরিচিত করে দেওয়ার জন্য আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। তবে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে যুক্ত করা হয়েছে গোলাপি বল, খেলা হচ্ছে দিবা-রাত্রির। সাদা পোশাকের ক্রিকেটে আরও কিছু রদবদল আনতে যাচ্ছে আইসিসি। বৈরি আবহওয়ার কথা মাথায় রেখে টেস্টে দিনের বেলায় লাল বলের সঙ্গে গোলাপি বল ব্যবহার করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি প্লেয়িং কন্ডিশনে কিছু সংযোজন ও সংশোধনের কথা ভাবছে তারা।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে ড্রিংকস ব্রেকের সময় প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানি পানের বিরতির সময় প্রধান কোচ মাঠে প্রবেশ করতে পারেন। ওয়ানডে ক্রিকেটেও এমন নিয়ম যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে দ্বাদশ কিংবা অতিরিক্ত ক্রিকেটার মাঠে যেতে পারেন। সেটার জন্যও অবশ্য শর্তপূরণ করতে হয়।

আইসিসির বিদ্যমান নিয়ম অনুযায়ী, ‘মাঠে পানি নিয়ে যাওয়া যেকোনো খেলোয়াড়কে অবশ্যই ক্রিকেটীয় পোশাক বা নির্ধারিত কিট পরে থাকতে হবে।’ প্রধান কোচকেও দলের জার্সি পড়তে হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। টি-টোয়েন্টিতে ইনিংস বিরতির সময় কমানোর কথাও ভাবা হচ্ছে। বর্তমান নিয়মে প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু হতে মাঝে ২০ মিনিটের বিরতি দেওয়া হয়।

প্রস্তাবিত নিয়মে সেটা ১৫ মিনিট করার কথা ভাবছে। এমনটা হলে দলগুলো পরিকল্পনা সাজানোর জন্য ৫ মিনিট কম সময় পাবেন। টেস্টে প্রথাগতভাবে লাল বল দিয়ে খেলা হয়ে থাকে। দিবা-রাত্রির টেস্ট হলে অবশ্য গোলাপি বল দিয়ে খেলা হয়। জানা গেছে, আবহাওয়ার কারণে খেলা ব্যাহত হলে কিংবা ফ্লাডলাইটের নিচে খেলার প্রয়োজন হলে তখন উভয় দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যেতে পারে।

লাল বলের ক্রিকেটের মধ্যে কীভাবে গোলাপি বলের ব্যবহার করা হবে সেটা এখনো পরিষ্কার নয়। সিরিজ শুরুর আগে দুই দলের পক্ষ থেকে সম্মতি নেওয়ার ভিত্তিতে সেটা কার্যকর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাচ চলাকালীন বোলারদের অ্যাকশন অবৈধ কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য অনফিল্ড আম্পায়ারদের হক আই ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে। অন্যান্য নিয়মের মতো এটাও এখনো স্পষ্ট নয়।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইসিসি বদ্ধপরিকর। বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির সভায় ভার্চুয়ালি বিষয়টি আলোচনা হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন আইসিসির ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি। ক্রিকবাজ জানিয়েছে, আগামী ১লা অক্টোবর থেকে নিয়মগুলো কার্যকর করা হতে পারে। এর আগে অবশ্য ৩০ মে ভারতে অনুষ্ঠিত আইসিসি সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

আরো পড়ুন: