গত বছরের পেশোয়ারের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি নাহিদের। তবে রবিবার (৩ মে) শেষ হওয়া পিএসএলে ম্যাচ খেলেছেন ডানহাতি এই পেসার। কয়েক ম্যাচ ডাগ আউটে বসে থাকার পর পাকিস্তানের লিগে অভিষেক হয় তার। সুযোগ পেয়েই বাজিমাত করেন বাংলাদেশের তারকা পেসার। প্রথম ৪ ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট।
এরপরই নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হয় তাকে। তবে পেশোয়ারের কর্ণধার জাভেদ আফ্রিদির অনুরোধে ফাইনাল খেলার এনওসি পান নাহিদ। ফাইনালে দুর্দান্ত বোলিংয়ে ফিরিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহকে। গতিময় বোলিংয়ে সবার নজর কাড়া নাহিদের প্রশংসা করতে ভুললেন না হার্ডিও।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার নাহিদের গতি নিয়ে বলেন, ‘সে মাত্র তিন দিন আগে প্লেন থেকে নামল এবং আজও দুর্দান্ত গতিতে বল করল। করাচিতে যখন সে রীতিমতো ছুটছিল এবং ১৫১ কিলোমিটার গতিতে বল করছিল, ব্যাটসম্যানদের জন্য সেটা ছিল ভয়াবহ।’
পিএসএল শেষে সোমবার (৪ মে) দেশে ফিরছেন নাহিদ। দুই টেস্টের সিরিজ খেলতে একই ফ্লাইটে করে বাংলাদেশে আসবেন বাবরও। আগামী ৮মে থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। বাংলাদেশের স্কোয়াডে আছেন নাহিদ। স্বাভাবিকভাবেই ডানহাতি পেসারের গতি সামলাতে হবে বাবরকে। হার্ডি মনে করেন, নাহিদের মোকাবেলা করতে চাইবেন না বাবর।
তিনি বলেন, ‘আমি জানি, সপ্তাহখানেকের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে। এটাও জানি যে বাবর তাকে মোকাবিলা করার জন্য মোটেও মুখিয়ে নেই। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে।’
বাংলাদেশের বিপিএলের বাইরে এবারই একমাত্র পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে নাহিদের। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে দ্রুতই বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পড়তে পারে তার। হার্ডিরও বিশ্বাস, নাহিদ দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে বেড়াবেন।
হার্ডি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, সে সারা বিশ্বে ঘুরে বেড়াবে এবং যেকোনো প্রতিযোগিতায় খেলবে। তার মতো প্রতিভাবান খেলোয়াড়কে সবাই সাদরে গ্রহণ করবে। আমি তাকে নিয়ে খুবই রোমাঞ্চিত।’